Search
[english_date] / [bangla_date] / [hijri_date] / [bangla_time]

অনুমতি ছাড়া ওয়াজ মাহফিল নিষিদ্ধ, নির্বাচন কমিশনের (ইসি) অনুমতি নিতে হবে

ধর্মীয় প্রচার তথা ওয়াজ মাহফিলের অনুষ্ঠানে নির্বাচনি প্রচার চালাতে পারবেন না কেউ। অর্থাৎ ওয়াজ মাহফিলে কোনো দল বা প্রার্থীর পক্ষে কেউ নির্বাচনি প্রচার-প্রচারণা করতে পারবেন না।

শুধু তাই নয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান শেষ হওয়ার আগে ওয়াজ মাহফিলের অয়োজন করতে হলে নির্বাচন কমিশনের (ইসি) অনুমতি নিতে হবে। মানে, অনুমতি ছাড়া ওয়াজ মাহফিল নিষিদ্ধ।

ধর্মীয় অনুষ্ঠানে নির্বাচনি প্রচার বন্ধে সোমবার স্বরাষ্ট্র ও ধর্ম সচিবকে চিঠি দেওয়া হয়েছে ইসির পক্ষ থেকে।

অন্যদিকে সরকারি সম্প্রচার মাধ্যম ও বেসরকারি টেলিভিশনে সাধারণ নির্বাচন ও গণভোট উপলক্ষে নির্বাচনি প্রচারের ক্ষেত্রে সব প্রার্থীর জন্য সমান সুযোগ বা লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিবকে সোমবার পৃথক আরেকটি চিঠি দিয়েছে ইসি। ইসি সূত্র এসব তথ্য নিশ্চিত করেছেন।

ওয়াজ মাহফিলের ব্যাপারে ইসি সচিব আখতার আহমেদ এ প্রতিবেদককে বলেন, আমরা চিঠি দিয়েছি। ওয়াজ মাহফিলে যেন কেউ নির্বাচনি প্রচার চালাতে না পারে, সেজন্য ব্যবস্থা নেওয়া হয়েছে। ধর্মীয় প্রচার করা যাবে। কিন্তু, ধর্মীয় প্রচারের নামে নির্বাচনি প্রচার করা যাবে না। এ ছাড়া ওয়াজ মাহফিলের আয়োজন করতে হলে রিটার্নিং কর্মকর্তার অনুমতি নিতে হবে।

ইসির দায়িত্বশীল একটি সূত্র বলছে, গত রোববার নির্বাচন আয়োজনের দায়িত্বে থাকা ঊর্ধ্বতন কর্মকর্তাদেরও এ সংক্রান্তে চিঠি দেওয়া হয়। আগামী ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণ শেষ না হওয়া পর্যন্ত ওয়াজ মাহফিলের ওপরে এই নিয়ন্ত্রণ বলবৎ থাকবে। রিটার্নিং অফিসারের (আরও) সম্মতি নিয়ে এ ধরনের ধর্মীয় প্রচার আয়োজনে অসুবিধা নেই।

Facebook
Twitter
LinkedIn