নারী ক্ষমতায়ন ও লিঙ্গ সমতা নিশ্চিত করার লক্ষ্যে দেশে প্রথমবারের মতো ১৫৮ কোটি ৫০ লাখ টাকা মূল্যের ‘অরেঞ্জ বন্ড’ ইস্যু করার অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। সাজেদা ফাউন্ডেশনের মাধ্যমে এই বিশেষায়িত বন্ডটি বাজারে ছাড়া হবে
ব্র্যাক ইপিএল ইনভেস্টমেন্টস লিমিটেডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই পদক্ষেপের কথা জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এটি একটি জিরো-কুপন বন্ড, যা বাংলাদেশের পুঁজিবাজারের বিবর্তনে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। এ ধরনের বন্ডে সরাসরি সুদ দেওয়া হয় না; বরং ফেস ভ্যালুর চেয়ে কম মূল্যে (ডিসকাউন্টে) বিক্রি করা হয়।
অরেঞ্জ বন্ড মূলত একটি বিশেষায়িত বিনিয়োগ মাধ্যম, যা বিশেষভাবে নারী, কন্যাশিশু ও লিঙ্গীয় সংখ্যালঘুদের ক্ষমতায়নে এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় অর্থ সংগ্রহের জন্য ডিজাইন করা হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে নিশ্চিত করা হয়েছে যে, এই বিনিয়োগের প্রভাব আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী স্বাধীন বার্ষিক প্রতিবেদনের মাধ্যমে যাচাই করা হবে। এতে স্বচ্ছতা বজায় রাখার পাশাপাশি নারী ক্ষমতায়নে এই বন্ডের প্রকৃত সুফল নিশ্চিত করা সম্ভব হবে।



