ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিল শুনানিতে কোনো ধরনের পক্ষপাত করা হয়নি বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
তিনি বলেছেন, আমরা চাই, সবাই মিলে একটি সুন্দর ও অংশগ্রহণমূলক নির্বাচন হোক। সেই লক্ষে কাজ করছি।
রোববার (১৮ জানুয়ারি) রাতে আগারগাঁয়ে নির্বাচন ভবনে টানা ৯ দিনব্যাপী আপিল শুনানি শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
এসময় সিইসি জানান, নির্বাচনে অধিকতর অংশগ্রহণ নিশ্চিতে স্বতন্ত্র প্রার্থীদের এক শতাংশ ভোটারের সমর্থনসূচক সইয়ের বিষয়টিও শিথিল করা হয়েছে।
নিজের ও কমিশনের টিমের ওপর আস্থা রাখার আহবান জানিয়ে সিইসি বলেন, প্রতিটি বিষয়ে দীর্ঘ আলোচনার পর আমরা যেটা সঠিক মনে করেছি, সে অনুযায়ী সিদ্ধান্ত নিয়েছি।
ঋণখেলাপিদের বিষয়ে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, ঋণখেলাপি হিসেবে যারা চিহ্নিত ছিলেন, তাদের অনেক আইনি বাধ্যবাধকতার কারণে আমাদের ছাড় দিতে হয়েছে। আইন তাদের পারমিট করেছে বলেই আমরা সিদ্ধান্ত দিয়েছি। তবে বিষয়টি আমরা সহজভাবে নিইনি।
