Search

ইরানের দুটি পারমাণবিক স্থাপনায় ইসরাইলের ভয়াবহ হামলা

ইরানের আরাক শহরের কাছে খোন্দাব হেভি ওয়াটার পারমাণবিক কমপ্লেক্স এবং কেন্দ্রীয় প্রদেশ ইয়াজদে ইউরেনিয়াম নিষ্কাশন কেন্দ্রে ভয়াবহ হামলা চালিয়েছে ইসরাইল।

শুক্রবার (২৭ মার্চ) পৃথক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি ও আল জাজিরা।

বিবিসির খবরে বলা হয়, খোন্দাব হেভি ওয়াটার পারমাণবিক কমপ্লেক্সে ইসরাইলের হামলার মুহূর্তের নতুন ছবি প্রকাশিত হয়েছে, যেখানে আগুনের গোলা ও ঘন ধোঁয়া উঠতে দেখা গেছে। সংবাদমাধ্যমটির যাচাইকৃত এসব ছবিতে স্থাপনাটির ভেতরের রিয়্যাক্টরের কাছে বিস্ফোরণের দৃশ্য ধরা পড়েছে। যদিও হামলার সুনির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ করা কঠিন, তবে ধারণা করা হচ্ছে রিয়্যাক্টরের পাশের ভবনগুলোতে হামলা হয়েছে।

এর আগে পুরো স্থাপনাটি খালি করার নির্দেশ দিয়েছিল ইসরাইল। ইরানের পারমাণবিক শক্তি সংস্থা জানিয়েছে, আরাকের এই স্থাপনাটিতে শুক্রবার দুই দফায় হামলা চালানো হয়েছে। তবে এতে কোনো হতাহত বা তেজস্ক্রিয় দূষণের ঘটনা ঘটেনি বলে নিশ্চিত করা হয়েছে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি এই হামলাকে “গুরুতর উসকানি” উল্লেখ করে সতর্ক করে বলেন, এর জবাবে তেহরান কঠোর প্রতিশোধ নেবে। এর আগে তিনি বারবার সতর্ক করেছিলেন, পারমাণবিক স্থাপনায় হামলা হলে তা আঞ্চলিক পূর্ণাঙ্গ যুদ্ধে রূপ নিতে পারে এবং ইরান দ্রুত ও শক্ত প্রতিক্রিয়া জানাবে।

পারমাণবিক অস্ত্র তৈরিতে ব্যবহৃত প্রধান উপাদান ইউরেনিয়াম দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সাথে ইরানের বিরোধের কেন্দ্রবিন্দুতে রয়েছে। তবে ইরানের পারমাণবিক শক্তি সংস্থা জানিয়েছে, ইয়াজদের এই স্থাপনায় হামলার পরও কোনো তেজস্ক্রিয় পদার্থের নিঃসরণ ঘটেনি।

বিশেষজ্ঞদের আশঙ্কা, পারমাণবিক স্থাপনা ও কৌশলগত শিল্পে হামলার এই ধারা অব্যাহত থাকলে তা পুরো মধ্যপ্রাচ্যকে দীর্ঘমেয়াদি সংঘাতে ঠেলে দিতে পারে।

Facebook
Twitter
LinkedIn