Search

এস আলমের ৪০৭ কোটি টাকার জমি ক্রোক

শিল্পগোষ্ঠী এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম ও তার স্বার্থ সংশ্লিষ্টদের নামে থাকা ১৫ হাজার ৯১৫ শতক জমি ক্রোকের আদেশ দিয়েছেন আদালত। এসব জমি ঢাকা ও চট্রগ্রামে অবস্থিত। আর এসব জমির বর্তমান বাজার মূল্য ৪০৭ কোটি টাকা বলে তদন্ত কর্মকর্তা আবেদনে উল্লেখ করেছেন।

বুধবার (২৩ এপ্রিল) দুদকের আবেদনের প্রেক্ষাপটে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো: জাকির হোসেন গালিব এ আদেশ দেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) জনসংযোগ বিভাগের উপ-পরিচালক আকতারুল ইসলাম এ তথ্য জানান।

আবেদনে বলা হয়েছে, মোহাম্মদ সাইফুল আলম ও তার স্বার্থ সংশ্লিষ্ট সত্তা ও সত্তার সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে মানিলন্ডারিংয়ের অভিযোগ অনুসন্ধানপূর্বক প্রতিবেদন দাখিলের জন্য টিম গঠন করা হয়েছে। মোহাম্মদ সাইফুল আলম ও তার স্বার্থ সংশ্লিষ্ট সত্তা ও সত্তার সাথে সংশ্লিষ্ট ব্যক্তিরা বিভিন্ন ব্যাংক থেকে নামে বেনামে বিধিবহির্ভূতভাবে ঋণ নিয়ে তা আত্মসাৎ করে নিজ নামে ও পরিবারের সদস্যদের নামে দেশে-বিদেশে বিপুল পরিমাণ সম্পদ অর্জন করেছেন। তিনি এবং তার নামে-বেনামে স্বার্থ সংশ্লিষ্ট স্থাবর সম্পদগুলো অন্যত্র হস্তান্তর, স্থানান্তর বা বেহাত করার চেষ্টা করছেন।

অনুসন্ধান নিষ্পত্তির আগে বর্ণিত সম্পদ হস্তান্তর বা স্থানান্তর হয়ে গেলে পরবর্তী সময়ে উক্ত সম্পদ উদ্ধারকরণ দুরূহ হয়ে পড়বে। তাই মোহাম্মদ সাইফুল আলম ও নামে-বেনামে তার স্বার্থ সংশ্লিষ্ট সত্তা ও এর সাথে সাথে সংশ্লিষ্ট স্থাবর সম্পদগুলো জরুরি ভিত্তিতে ক্রোক করা প্রয়োজন। আদালত এই আবেদন মঞ্জুর করে আদেশ দেন।

সূত্র : বাসস

Facebook
Twitter
LinkedIn