Search
[english_date] / [bangla_date] / [hijri_date] / [bangla_time]

জয়ে সিরিজে ফিরল বাংলাদেশ

ভয় ধরিয়ে দিয়েছিলেন লঙ্কান ব্যাটার জেনিথ লিয়ানাগে। একের পর এক বাউন্ডারিতে বাংলাদেশের জয়ের স্বপ্ন যেন আছড়ে ফেলছিলেন মাঠের বাইরে। তাকে ফিরিয়ে মুস্তাফিজুর রহমান আশার আলো দেখান। তা বাস্তবায়ন করেন তানজিম সাকিব। শেষ ব্যাটার দুশমন্ত চামিরার স্ট্যাম্প উপড়ে ফেলে বাংলাদেশকে এনে দেন দুরন্ত এক জয়। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে আজ শনিবার (৫ জুলাই) তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয়টিতে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ জিতেছে ১৬ রানে। সিরিজ এখন ১-১ সমতায়।

বাংলাদেশের দেওয়া আড়াইশ ছুঁই ছুঁই লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি শ্রীলঙ্কার। স্বাগতিক ওপেনার পাথুম নিশাঙ্কাকে লেগবিফোর করেন তানজিম সাকিব। নিশাঙ্কার রান তখন ৫, শ্রীলঙ্কার ৬। দ্বিতীয় উইকেট জুটিতে ঘুরে দাঁড়ায় লঙ্কানরা। নিশান মাদুশকা ও কুশল মেন্ডিস জমা করেন ৬৯ রান। মাদুশকাকে তাওহিদ হৃদয়ের ক্যাচ বানিয়ে জুটি ভাঙেন তানভীর ইসলাম। ৫৬ রান করে বিপজ্জনক হয়ে ওঠা মেন্ডিসকে লেগবিফোর করেন তানভীর।

ওয়ানডে ক্যারিয়ারে মাত্র দ্বিতীয় ম্যাচ খেলতে নেমেছেন তানভীর। তুলে নিয়েছেন প্রথম ফাইফার। এই স্পিনারের ঘূর্ণিতে একে পরাস্ত হয়েছেন কামিন্দু মেন্ডিস, দুনিথ ভেল্লালাগে ও মাহিশ থিকসানা। তানভীর ঘূর্ণির পর ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে লঙ্কানরা।

এক প্রান্ত আগলে রেখে লিয়ানাগে চোখ রাঙান বাংলাদেশকে। নবম উইকেটে চামিরাকে নিয়ে ৫৩ বলে ৫৮ রানের জুটি গড়ে বাংলাদেশের বুকে কাঁপন ধরিয়ে দিয়েছিলেন। মুস্তাফিজ এসে রক্ষা করেন দলকে। স্লো ডেলিভারিতে বিভ্রান্ত হয়ে তার হাতে ফিরতি ক্যাচ তুলে দেন লিয়ানাগে, সঙ্গে ম্যাচটাও। ম্যাচে মুস্তাফিজের এটি একমাত্র উইকেট। পরিস্থিতি বিবেচনায় সবচেয়ে গুরুত্বপূর্ণ উইকেটটিই নিয়েছেন তিনি। আউট হওয়ার আগে ৮৫ বলে ৭টি চার ও ২টি ছক্কায় ৭৮ রান করেন লিয়ানাগে।

Facebook
Twitter
LinkedIn