এ বছরের ডিসেম্বরের প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। বৃহস্পতিবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
ইসি সানাউল্লাহ বলেন, ‘ডিসেম্বরের প্রথমার্ধে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে, নির্বাচনের ৬০ দিন আগে।’
গত মঙ্গলবার জাতির উদ্দেশে দেওয়া ভাষণে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বাচন কমিশনে চিঠি পাঠানোর কথা জানান প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বুধবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, আগামী ফেব্রুয়ারিতে রমজানের আগেই জাতীয় নির্বাচন আয়োজনের জন্য ইসিকে চিঠি দেয় প্রধান উপদেষ্টার কার্যালয়।
