ঢাকার ২০টি আসনে মোট ২৫ জন প্রার্থী তাঁদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। মঙ্গলবার ঢাকার তিনটি রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে এ তথ্য জানা গেছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারে মঙ্গলবারই ছিল শেষ সময়। বুধবার প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেবে নির্বাচন কমিশন (ইসি)। আর আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু হবে বৃহস্পতিবার থেকে।
প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন মঙ্গলবার ঢাকা-৪ থেকে ১২, ১৪ এবং ১৬ থেকে ১৮ আসনে প্রার্থিতা প্রত্যাহার করেছেন ১৯ জন। এ ছাড়া ঢাকা-১৩ ও ১৫ আসন থেকে দুজন এবং ঢাকা-১ থেকে ৩, ১৯ ও ২০ আসন থেকে প্রার্থিতা প্রত্যাহার করেছেন চারজন।
তাঁদের মধ্যে রয়েছেন ঢাকা-১০ আসনে খেলাফত মজলিসের আহমদ আলী কাসেমী, ঢাকা-১৮ আসনে গণসংহতি আন্দোলনের বিলকিস নাসিম খান, ঢাকা-১৬ আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের আহসানুল্লাহ এবং ঢাকা-১৭ আসনে খেলাফত মজলিসের এমদাদুল হক।
