ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) একাডেমিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কলেজ প্রশাসন। শনিবার একাডেমিক কাউন্সিলের জরুরি সভা শেষে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. কামরুল আলমের স্বাক্ষর করা বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার (২২ জুন) থেকে কলেজটির এমবিবিএস ছাত্র/ছাত্রীদের একাডেমিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে। রোববার বেলা ১২টার মধ্যে ডা. ফজলে রাব্বি আবাসিক হলের ছাত্রদের হল ত্যাগের নির্দেশনা দেওয়া হলো। তবে পেশাগত এমবিবিএস পরীক্ষার্থী ও বিদেশি শিক্ষার্থীরা এই নির্দেশনার আওতামুক্ত থাকবে।
শনিবার সকালে নিরাপদ ক্যাম্পাস ও আবাসনের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। ঢামেক শিক্ষার্থীরা অভিযোগ করে, একাডেমিক ভবনের পলেস্তারা খসে পড়লেও কর্তৃপক্ষ গুরুত্ব দিচ্ছে না। ফজলে রাব্বি হলসহ দুটি হল ব্যবহারের অনুপযোগী। ছাত্রী হলেরও সিলিং খসে পড়ছে। যেকোনো মুহূর্তে হল ধসে হতাহতের ঘটনা ঘটতে পারে।
