দেশব্যাপী ‘খাল খনন কর্মসূচি ২০২৬’ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
সোমবার (১৬ মার্চ) দুপুর ১২টা ৩০মিনিটে দিনাজপুর জেলার কাহারোল উপজেলার নির্ধারিত খাল কাটা কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি।
সময় তার সাথে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সমাজকল্যাণ মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন, পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিসহ স্থানীয় সাংসদ ও বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
খাল খনন কর্মসূচী উদ্বোধন শেষে তিনি সমাবেশে যোগ দিয়েছেন। এরপর স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও সাধারণ জনগণের সাথে মতবিনিময় করবেন বলে জানা গেছে।
প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানা গেছে, দিনাজপুর জেলার কাহারোল উপজেলার বলরামপুরে ‘সাহাপাড়া খাল’ খননের মাধ্যমে ‘খাল খনন কর্মসূচি ২০২৬’ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুপুরে সেখানেই আয়োজিত জনসভায় বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী। বিকেলে দিনাজপুর পৌরসভার উপশহরে শেখ ফরিদ মডেল কবরস্থানে প্রধানমন্ত্রী তার নানা-নানি ও খালার কবর জিয়ারত করবেন। এরপর দিনাজপুর সার্কিট হাউজ চত্বরে আয়োজিত সুধী সমাবেশ ও ইফতার মাহফিলে অংশ নেবেন প্রধানমন্ত্রী।
সরকারের এই উদ্যোগের মাধ্যমে দীর্ঘদিন ধরে ভরাট হয়ে থাকা খালগুলো পুনরুদ্ধার, কৃষিতে সেচ সুবিধা বৃদ্ধি, জলাবদ্ধতা নিরসন এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।



