প্রায় চার মাস পর আগামী ৫ মে দেশে ফিরতে পারেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। দুই পুত্রবধূসহ আগামী ৪ মে যুক্তরাজ্যের লন্ডন থেকে তাঁর রওনা হওয়ার কথা রয়েছে
বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক এবং দলটির স্থায়ী কমিটির সদস্য এ বি এম জাহিদ হোসেন বিবিসি বাংলাকে এ কথা জানিয়েছেন।
বিএনপি চেয়ারপারসনের সঙ্গে তাঁর বড় ছেলে তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান এবং ছোটো ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা সৈয়দা শামিলা রহমান এবং জাহিদ হোসেনও দেশে ফিরবেন।
খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক জাহিদ হোসেন বলেন, খালেদা জিয়ার স্বাস্থ্যের চূড়ান্ত পরীক্ষাগুলো হচ্ছে এবং শুক্রবারের মধ্যে এগুলো শেষ হয়ে যাবে। শারীরিক দিক থেকে তিনি অনেক ভালো আছেন।
এর আগে চলতি বছরের ৭ জানুয়ারি লন্ডনের উদ্দেশে দেশ ছেড়ে যান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। কাতারের আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছান তিনি।
৭৯ বছর বয়সী খালেদা জিয়া লিভার সিরোসিস, কিডনি সমস্যা, হৃদ্রোগসহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন। সেখানে তাঁকে দ্য লন্ডন ক্লিনিকে ভর্তি করা হয়।
