Search
[english_date] / [bangla_date] / [hijri_date] / [bangla_time]

নওগাঁর কলেজছাত্র অভির নিথর দেহ নদী থেকে উদ্ধার


শহিদুল ইসলাম -রাজশাহী ব্যুরো:
নওগাঁ সরকারি কলেজের মেধাবী ছাত্র অভির নিথর দেহ একটি নদী থেকে উদ্ধার করেছে পুলিশ। নিহত অভি নওগাঁ সরকারি কলেজের ম্যানেজমেন্ট বিভাগের অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১১ জানুয়ারি অভি পারিবারিক বিষয় নিয়ে রাগ করে বাড়ি থেকে বের হয়ে যান। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। আত্মীয়-স্বজন ও পরিচিত সব জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। পরে পরিবারের পক্ষ থেকে বিষয়টি নিয়ে আদমদীঘি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
দীর্ঘদিন নিখোঁজ থাকার পর হঠাৎ করে নদীতে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে স্বজনরা ঘটনাস্থলে এসে মরদেহটি অভির বলে শনাক্ত করেন।
এ ঘটনায় নিহতের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। স্বজনদের কান্নায় ভারী হয়ে ওঠে পুরো এলাকা। অভির এমন করুণ মৃত্যুতে সহপাঠী, শিক্ষক ও এলাকাবাসীর মধ্যে গভীর শোক ও উদ্বেগ বিরাজ করছে। সহপাঠীরা জানান, অভি অত্যন্ত ভদ্র, মেধাবী ও নিয়মিত ছাত্র ছিলেন।
এ বিষয়ে নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিয়ামুল ইসলাম জানান, নদী থেকে উদ্ধারকৃত মরদেহটি ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা, দুর্ঘটনা নাকি অন্য কোনো কারণ রয়েছে, সে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
তিনি আরও জানান, এ ঘটনায় আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে এবং তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে কলেজ ছাত্রের রহস্যজনক মৃত্যুতে নওগাঁ সরকারি কলেজ ক্যাম্পাসে শোকের পরিবেশ বিরাজ করছে। শিক্ষক ও শিক্ষার্থীরা দ্রুত সুষ্ঠু তদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত সত্য উদঘাটনের দাবি জানিয়েছেন।

Facebook
Twitter
LinkedIn