টি-টোয়েন্টি বিশ্বকাপের শেষেই বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান। সিরিজের প্রস্তুতি হিসেবে ৫০ ওভারের টুর্নামেন্ট বাংলাদেশ ক্রিকেট লীগ (বিসিএল) আয়োজনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এক প্রতিবেদনে এ খবর দিয়েছে ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ। বিসিবি’র এক কর্মকর্তা জানিয়েছে, ফেব্রুয়ারির তৃতীয় সপ্তাহ থেকে চার দল নিয়ে শুরু হবে এই প্রতিযোগিতা।
আগামী মার্চে প্রথমে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ ও পাকিস্তান। এরপর মে তে দুই ম্যাচের টেস্ট সিরিজে মুখোমুখি হবে দু’দল। এক প্রতিবেদনে ক্রিকবাজ জানিয়েছে, জাতীয় দলের ক্রিকেটারদের জন্য ওয়ানডে ফরম্যাটে বিসিএল আয়োজনের কথা ভাবছে বিসিবি। প্রাথমিকভাবে জাতীয় দলের জন্য আগামী ফেব্রুয়ারিতে অনূর্ধ্ব-২৩ ক্রিকেটারদের নিয়ে ওয়ানডে বিসিএল আয়োজনের পরিকল্পনা করছিল বিসিবি। এর উদ্দেশ্য ছিল খেলোয়াড়দের জাতীয় দলের জন্য প্রস্তুত করা। তবে বর্তমান পরিস্থিতিতে পরিকল্পনাটি আপাতত স্থগিত রাখা হয়েছে।
একটি সূত্র ক্রিকবাজকে জানায়, বিসিবি’র ক্রিকেট অপারেশনস বিভাগ টুর্নামেন্ট কমিটিকে অনূর্ধ্ব-২৩ বিসিএল ফেব্রুয়ারি থেকে পিছিয়ে দেয়ার অনুরোধ জানায়। এরপরই সিনিয়র ক্রিকেটারদের নিয়ে বিসিএল ওয়ানডে আসর আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়।
এ বিষয়ে বিসিবির টুর্নামেন্ট কমিটির ম্যানেজার আবু ইমাম মোহাম্মদ কাওসার বলেন, ‘ফেব্রুয়ারিতে অনূর্ধ্ব-২৩ বিসিএল আয়োজনের পরিকল্পনা ছিল। তবে ক্রিকেট অপারেশনস থেকে জানানো হয়েছে, আমাদের সিনিয়র ক্রিকেটারদের মাঠে নামানো প্রয়োজন। চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ অংশ নিচ্ছে না, তাই অনেকেই নিয়মিত প্রতিযোগিতামূলক ক্রিকেটে নেই। সামনে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ রয়েছে। তাই প্রস্তুতির জন্য এই টুর্নামেন্টটি গুরুত্বপূর্ণ।’ তিনি আরও বলেন, ‘তাই আপাতত অনূর্ধ্ব-২৩ বিসিএল স্থগিত রেখে ফেব্রুয়ারিতে সিনিয়রদের নিয়ে ওয়ানডে বিসিএল আয়োজন করা হচ্ছে। অনূর্ধ্ব-২৩ টুর্নামেন্টটি পরে সুবিধাজনক সময়ে অনুষ্ঠিত হবে।’ সম্ভাব্য সূচি অনুযায়ী, আগামী ২২ বা ২৩শে ফেব্রুয়ারি থেকে শুরু হতে পারে বিসিএলের প্রথম রাউন্ড। ফাইনাল অনুষ্ঠিত হবে মার্চের প্রথম সপ্তাহে। জানা গেছে, রাজশাহী ও বগুড়ায় হবে প্রথম তিন রাউন্ডের খেলা। ফাইনাল ম্যাচটি হবে মিরপুর শেরে বাংলা স্টেডিয়াম। কাওসার জানান, পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের আগে এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে বিসিএলের চারদিনের আসর শুরু করার পরিকল্পনাও রয়েছে। লাল বলের সিরিজের আগে ক্রিকেটারদের দীর্ঘমেয়াদে যথাযথ প্রস্তুতির জন্য অন্তত দু’টি রাউন্ড সম্পন্ন করতে চায় বিসিবি। টুর্নামেন্টটিতে অংশ নিতে যাওয়া চারটি দল হলো সেন্ট্রাল জোন, ইস্ট জোন, নর্থ জোন ও সাউথ জোন।



