শ্রীলঙ্কার পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মঙ্গলবার টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট পর্বে শুধু ব্যাটে-বলেই লড়াই চলেনি, গ্যালারিতেও ছড়িয়েছে চরম উত্তেজনা। ইংল্যান্ড ও পাকিস্তানের হাই-ভোল্টেজ এই ম্যাচে গ্যালারিতে এক পাকিস্তানি সমর্থক এবং এক ইংলিশ ভক্তের মধ্যে শুরু হওয়া বাগবিতণ্ডা রীতিমতো হাতাহাতির উপক্রম হয়েছিল।
মাঠের লড়াই ছাপিয়ে আলোচনার কেন্দ্রে এখন গ্যালারির সেই ঝগড়া! মঙ্গলবার ইংল্যান্ড বনাম পাকিস্তান ম্যাচে গ্যালারিতে এক পাকিস্তানি সমর্থক এবং এক ব্রিটিশ সমর্থকের মধ্যে তুমুল ঝগড়া শুরু হয়। অস্ট্রেলিয়ান ভ্লগার জেক জিকিংসের ক্যামেরায় ধরা পড়া সেই ভিডিওতে দেখা যায়, দুই দেশের দুই ভক্ত একে অপরের মুখোমুখি হয়ে উত্তপ্ত বাক্যবিনিময় করছেন।
পরিস্থিতি এতটাই ঘোলাটে হয়ে উঠেছিল, মনে হচ্ছিল যে কোনো মুহূর্তে মারামারি শুরু হবে। শেষ পর্যন্ত শ্রীলঙ্কার এক ‘সুপারফ্যান’ এবং অন্যান্য দর্শকদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। মজার ব্যাপার হলো, এই পাকিস্তানি সমর্থকটিই ক’দিন আগে ইউটিউবার জিকিংসের সঙ্গেও বিবাদে জড়িয়ে বেশ ‘খ্যাতি’ পান
মাঠের লড়াইয়ে অবশ্য পাকিস্তানি ভক্তকে হতাশ করে শেষ হাসি হেসেছে ইংল্যান্ড। হ্যারি ব্রুকের অসামান্য এক সেঞ্চুরিতে পাকিস্তানকে হারিয়ে টানা পঞ্চমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিতে জায়গা করে নিল ইংলিশরা। হ্যারি ব্রুক এদিন যেন রুদ্রমূর্তি ধারণ করেছিলেন। মাত্র ৫১ বলে ১০০ রানের এক টর্নেডো ইনিংস খেলেন তিনি, যেখানে ছিল ১০টি চার ও ৪টি বিশাল ছক্কার মার। ফিল সল্ট প্রথম বলেই সাজঘরে ফিরলে তিন নম্বরে ব্যাটিং করতে নামা ব্রুক পুরো ম্যাচের মোড় ঘুরিয়ে দেন।
ব্রুকের এই পারফরম্যান্স নিয়ে উচ্ছ্বাস জানিয়েছেন সাবেক ভারতীয় তারকা ইরফান পাঠান। জিওহটস্টারে আলাপকালে তিনি ব্রুকের তিন নম্বরে ব্যাটিং করার সিদ্ধান্তকে ‘মাস্টারস্ট্রোক’ হিসেবে অভিহিত করেন। পাঠান বলেন, হ্যারি ব্রুক এর আগে টি-টোয়েন্টিতে কখনো চার নম্বরের উপরে ব্যাট করেননি। এমন এক গুরুত্বপূর্ণ ম্যাচে তিনে নেমে শাহীন আফ্রিদির আগুনের গোলা সামলে সেঞ্চুরি করাটা চাট্টিখানি কথা নয়। স্পিনের বিপক্ষে ওর ব্যাক-ফুট প্লে ছিল দেখার মতো। এটি বিশ্বকাপের অন্যতম সেরা একটি ইনিংস।
এই জয়ের ফলে সুপার এইট থেকে প্রথম দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করল ইংল্যান্ড। পাকিস্তানের বোলিং আক্রমণকে তুলাধোনা করে ব্রুক প্রমাণ করলেন কেন তিনি এই মুহূর্তে বিশ্ব ক্রিকেটের অন্যতম বিপজ্জনক ব্যাটার। একদিকে মাঠে যখন ব্রুকের দাপট চলছিল, অন্যদিকে গ্যালারিতে ইংলিশ সমর্থকদের উল্লাস ছিল চোখে পড়ার মতো, যা পাকিস্তানের সেই ‘উগ্র’ সমর্থককে যেন আরও তপ্ত করে তুলেছিল।
সব মিলিয়ে পাল্লেকেলের ম্যাচটি ছিল নাটকীয়তায় ঠাসা। একদিকে যেমন গ্যালারিতে দুই দেশের ভক্তদের বাগযুদ্ধ বিশ্বজুড়ে ভাইরাল হয়েছে, অন্যদিকে হ্যারি ব্রুকের রাজকীয় ব্যাটিং ক্রিকেটপ্রেমীদের দীর্ঘকাল মনে থাকবে। পাকিস্তানের জন্য এই পরাজয় কেবল টুর্নামেন্টে টিকে থাকার লড়াইকেই কঠিন করে দিল না, বরং গ্যালারির আচরণেও তাদের ভাবমূর্তি কিছুটা ক্ষুন্ন করল।



