প্রতীক হিসেবে ‘শাপলা’–কে নির্বাচন পরিচালনা বিধিমালার তফসিলভূক্ত না করার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বুধবার ইসি সচিব আখতার আহমেদ একথা জানান।
নাগরিক ঐক্য দলীয় প্রতীক হিসেবে কেটলির পরিবর্তে শাপলা দাবি করেছে। একইসঙ্গে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দলীয় প্রতীক হিসেবে শাপলা চেয়ে নিবন্ধন আবেদন করেছে। ‘শাপলা’ জাতীয় প্রতীক হওয়ায় দলের জন্য নির্বাচনী প্রতীক হিসেবে তা বরাদ্দ নিয়ে বিতর্কের মধ্যে এ সিদ্ধান্ত নিল কমিশন।
এদিকে, বুধবার বিকেলে অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ জানান, ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে এবার সংসদ নির্বাচনের জন্য আগের ৬৯টি প্রতীক থেকে বাড়িয়ে অন্তত ১১৫টি প্রতীক দল ও স্বতন্ত্র প্রার্থীর জন্য বরাদ্দ করতে যাচ্ছে ইসি।
