বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলার সুবাদে দলের বেশ কিছু খেলোয়াড়ের অভিজ্ঞতা হওয়ায় মিরপুরের উইকেট নিয়ে প্রস্তুতি নিতে সুবিধা হবে বলে জানিয়েছেন পাকিস্তান অধিনায়ক সালমান আঘা।
তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের জন্য বাংলাদেশ সফরে আসা পাকিস্তানের ১৫ সদস্যের দলে থাকা নয়জন ক্রিকেটারের বিপিএলে খেলার অভিজ্ঞতা আছে। তাই মিরপুরের উইকেট সর্ম্পকে ভাল ধারণা রয়েছে তাদের।
ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে সালমান জানান, তার দলের যেসব ক্রিকেটাররা মিরপুরে আগে খেলেছেন তাদের কাছ থেকে উইকেট সর্ম্পকে পাওয়া তথ্য গুরুত্বপূর্ণ হবে।
তিনি বলেন, ‘হ্যাঁ, এটা খুবই গুরুত্বপূর্ণ। বেশির ভাগ খেলোয়াড়ই বিপিএল খেলেছে। তাদের কাছ থেকে তথ্য পাওয়া ও তাদের অভিজ্ঞতা কাজে দেবে দলকে।’
সালমান আরও বলেন, ‘তাদের সাথে আমরা কথা বলেছি এবং তারা তাদের মতামত দিয়েছে। আমরা সেই অনুযায়ী পরিকল্পনা করেছি।’
