বিশ্বকাপ ও এশিয়ান বাছাইপর্বের ম্যাচ খেলতে বাংলাদেশে আসছে না আফগানিস্তান ফুটবল দল। তারা নিরপেক্ষ ভেন্যুতে খেলতে চায় । শুক্রবার রাতে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) এই বিষয়ে আনুষ্ঠানিক চিঠি দিয়েছে আফগানিস্তান ফুটবল ফেডারেশন। ফাঁকা সূচিতে বসে না থেকে নেপালে অনুষ্ঠিতব্য তিন জাতির ফুটবল টুর্নামেন্টে খেলায় আগ্রহী বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রধান কোচ জেমি ডে।
আগামী ২৫শে মার্চে বাছাইপর্বের ম্যাচে ঘরের মাঠে আফগানিস্তানকে আতিথ্য দেয়ার কথা ছিল বাংলাদেশের। তবে করোনাভাইরাসের অজুহাতসহ বেশ কিছুদিন ধরেই ম্যাচ নিয়ে এএফসির কাছে নিজেদের অপারগতার কথা জানিয়ে আসছিল আফগানরা। বাংলাদেশের সঙ্গে সমঝোতা করতে পরামর্শ দিয়েছিল এএফসি। কিন্তু নিজেদের সিদ্ধান্তে অনড় রয়েছে আফগানিস্তান।
ঘরের মাঠে বাছাইপর্বের ম্যাচ হবে না জেনে হতাশা প্রকাশ করেছেন জেমি ডে।



