বিএনপির বিরুদ্ধে নানা ধরনের অপপ্রচার চলছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ শনিবার দুপুরে কিশোরগঞ্জে জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলনের উদ্বোধন করে তিনি এ কথা বলেন।
তারেক রহমান শিগগরিই দেশে ফিরবেন জানিয়ে মির্জা ফখরুল বলেন, দেশে ফিরেই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করবেন তিনি। গত ১৫ বছরে বিএনপির ওপর অনেক দমন-পীড়ন হয়েছে, এরপরও দলের নেতা-কর্মীদের দমিয়ে রাখা যায়নি। গণতন্ত্র পুনরুদ্ধারে দলের নেতা-কর্মীরা কাজ করে যাচ্ছেন। যারা বিএনপিকে ধ্বংস করতে চেয়েছে, তারাই এখন দেশ ছেড়ে পালিয়েছে।
সম্মেলন উপলক্ষে জেলার ১৩ উপজেলা ও ৮ পৌরসভা মিলিয়ে জেলা বিএনপির মোট ২১ ইউনিটের ২ হাজার ৯০ জন কাউন্সিলরসহ নেতা-কর্মীরা সম্মেলনে যোগ দিয়েছেন। শহরের বিভিন্ন সড়কে কেন্দ্রীয় নেতাদের শুভেচ্ছা জানিয়ে নির্মাণ করা হয়েছে শতাধিক তোরণ। ব্যানার ফ্যাস্টুনে ছেয়ে গেছে শহরের অলিগলি।
