ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মুন্সীগঞ্জ-১ (সিরাজদিখান-শ্রীনগর) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেওয়া বিএনপির দুই নেতার আবেদন সাময়িকভাবে বাতিল করা হয়েছে।
বৃহস্পতিবার (০১ জানুয়ারি) বেলা ১১টার দিকে জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে যাচাই-বাছাই শেষে এই সিদ্ধান্ত জানানো হয়। বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার সৈয়দা নুরমহল আশরাফী।
যাচাইয়ের সময় তাদের দাখিল করা মনোনয়নপত্রে সমর্থনকারী ভোটারদের স্বাক্ষরের সঙ্গে তালিকাভুক্ত তথ্যের অসামঞ্জস্য ধরা পড়ে বলে জেলা প্রশাসন সূত্রে জানা গেছে।
মনোনয়ন বাতিল হওয়া দুই নেতা হলেন- বিএনপির কেন্দ্রীয় কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক ও ঢাকা কলেজের সাবেক ভিপি মীর সরাফত আলী সপু ও শ্রীনগর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোমিন আলি।
