রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনের চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ করা হবে আজ। এদিন থেকেই প্রচারণা শুরু করতে পারবেন প্রার্থীরা।
রোববার (১৪ সেপ্টেম্বর) রাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
এখন পর্যন্ত ১৪ জন প্রতিযোগিতা থেকে সরে দাঁড়িয়েছেন। এর মধ্যে রাকসুতে ১১ জন ও সিনেটে তিনজন প্রার্থিতা প্রত্যাহার করেছেন।
এ পর্যন্ত ৯টি প্যানেল ঘোষণা করা হয়েছে। এর মধ্যে ছাত্রদল ও ছাত্রশিবির ছাড়া কোনো ছাত্র সংগঠন বা স্বতন্ত্রভাবে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করতে পারেনি। আগামী ২৫ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অ্যাকাডেমিক ভবনগুলোয় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। একই দিনে গণনা ও ফলাফল ঘোষণার কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা।
