সপ্তাহের শুরুতে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে শান্তি আলোচনা ব্যর্থ হওয়ার পর দুই দেশের সীমান্তে ব্যাপক গোলাগুলি হয়েছে বলে জানা গেছে। স্থানীয় সময় শুক্রবার (৫ ডিসেম্বর) গভীর রাতে দু’পক্ষের মধ্যে ভারি গোলাগুলি হয় বলে উভয় দেশের কর্মকর্তারা জানিয়েছেন।
আফগানিস্তানের তালেবানের মুখপাত্র জবিহুল্লাহ মুজাহিদ অভিযোগ করেছেন, পাক সেনারা কান্দাহারের স্পিন বোলদাক জেলায় হামলা চালিয়েছে। তবে পাকিস্তানের প্রধানমন্ত্রীর দফতরের একজন মুখপাত্র অভিযোগ করেছেন, আফগান বাহিনী চামান সীমান্তে ‘বিনা উসকানিতে হামলা’ চালিয়েছে।
পাক প্রধানমন্ত্রীর মুখপাত্র মোশাররফ জাইদি এক বিবৃতিতে বলেন, ‘আঞ্চলিক অখণ্ডতা ও নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে পাকিস্তান সম্পূর্ণ সতর্ক অবস্থায় আছে।’
