Search
[english_date] / [bangla_date] / [hijri_date] / [bangla_time]

১ টাকার নিচে শেয়ারের টিক সাইজ নির্ধারণ করল ডিএসই

এক টাকার নিচে লেনদেন হওয়া শেয়ারের জন্য নতুন টিক সাইজ (সর্বনিম্ন মূল্য পরিবর্তন) নির্ধারণ করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। নতুন নিয়ম অনুযায়ী, ১ টাকার নিচে মূল্যের শেয়ারের টিক সাইজ হবে ০.০১ টাকা (১ পয়সা)। আগামীকাল বুধবার থেকে এই নিয়ম কার্যকর হবে।

ডিএসই ও সিএসই সূত্রে জানা গেছে, বর্তমানে সব ধরনের ইক্যুইটি সিকিউরিটিজের টিক সাইজ ০.১০ টাকা। কিন্তু সম্প্রতি কিছু কোম্পানির শেয়ারের দাম ১ টাকার নিচে নেমে আসায় পুরনো নিয়মটি বাজারের বাস্তবতার সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ হয়ে পড়ে। এ অবস্থায় লেনদেন স্বাভাবিক রাখতে নতুন টিক সাইজ চালু করার সিদ্ধান্ত নেয় ডিএসই।

সম্প্রতি পিপলস লিজিং অ্যান্ড ফিন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড (পিএলএফএসএল) ও ফারইস্ট ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড–এর শেয়ারদর ৯০ পয়সায় নেমে আসে। এতে শেয়ারের দাম ৯ পয়সা বাড়া বা কমার সুযোগ না থাকায় লেনদেন স্থবির হয়ে পড়ে। কারণ, বর্তমান নিয়মে শেয়ারের মূল্য পরিবর্তনের ধাপ ১০ পয়সা হলেও, সার্কিট ব্রেকারের সীমা ১০ শতাংশ—যা ৯ পয়সার সমান। এই অসঙ্গতি দূর করতেই ডিএসই অটোমেটেড ট্রেডিং রেগুলেশনস, ১৯৯৯–এর ১৮ নম্বর প্রবিধানের অধীনে নতুন টিক সাইজ কার্যকর করছে।

নতুন নিয়মে বিনিয়োগকারীরা এখন ৮৭, ৮৮ বা ৮৯ পয়সা মূল্যে অর্ডার দিতে পারবেন। বাজার বিশ্লেষকরা বলছেন, এতে শেয়ারদর ওঠানামা আরও স্বাভাবিক হবে এবং ক্ষুদ্র বিনিয়োগকারীরাও লেনদেনে সহজতা পাবেন।

Facebook
Twitter
LinkedIn