চার-পাঁচ দিনের মধ্যে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আগামী জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করবেন বলে জানিয়েছেন জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার।
শনিবার বিকালে প্রধান উপদেষ্টার সাথে ১৪টি রাজনৈতিক দলের বৈঠক শেষে বেরিয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠক অনুষ্ঠিত হয়।
মোস্তফা জামাল হায়দার বলেন, ‘প্রধান উপদেষ্টা জানিয়েছেন, তিনি আগামী ৪-৫ দিনের মধ্যে নির্বাচন ঘোষণা করবেন। এর চেয়ে আনন্দের বার্তা আর কিছু হতে পারে না।’
মোস্তফা জামাল হায়দার আরো বলেন, ‘আগামী জাতীয় সংসদ নির্বাচন নৈরাজ্যের সমাধান করবে। এ নির্বাচনের মাধ্যমে অনেক সমস্যার সমাধান হবে।’
এর আগে শনিবার বিকেল ৫টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সাথে বৈঠকে বসেন ১৪টি রাজনৈতিক দল ও জোটের ১৪ প্রতিনিধি।
