Search

ইউএনওর স্বাক্ষর জাল করে তেল নেওয়ার চেষ্টা

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তার স্বাক্ষর জাল করে ফুয়েল কার্ডের মাধ্যমে তেল সংগ্রহের চেষ্টা করার সময় দুই যুবককে আটক করে ভ্রাম্যমাণ আদালত ১৪ হাজার ৫০০ টাকা জরিমানা করেছেন। বুধবার (২৯ এপ্রিল) দুপুরে উপজেলার তুহিন মৌসুমি ফিলিং স্টেশনে ঘটনা ঘটে।

দণ্ডপ্রাপ্তরা হলেন, মাদারগঞ্জ উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের ফয়সাল আহমেদ এবং পার্শ্ববর্তী মেলান্দহ উপজেলার মাহমুদপুর গ্রামের ওয়াসিম আহমেদ।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে ফয়সাল ও ওয়াসিম মোটরসাইকেলে করে ওই ফিলিং স্টেশনে যান। সেখানে তারা একটি ফুয়েল কার্ড প্রদর্শন করেন, যেখানে মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার স্বাক্ষর জাল করা ছিল। কার্ডটি দেখে পাম্প কর্তৃপক্ষের সন্দেহ হলে তাৎক্ষণিকভাবে বিষয়টি উপজেলা প্রশাসনকে জানানো হয়।

খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমন চৌধুরী ঘটনাস্থলে গিয়ে জালিয়াতির সত্যতা যাচাই করেন। পরে জালিয়াতি প্রমাণিত হলে দুই যুবককে আটক করে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয় এবং তাদের ১৪ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

এ বিষয়ে ইউএনও সুমন চৌধুরী বলেন, সরকারি কর্মকর্তার স্বাক্ষর জাল করা গুরুতর দণ্ডনীয় অপরাধ। জালিয়াতির মাধ্যমে তারা অবৈধভাবে তেল সংগ্রহের চেষ্টা করেছিল। হাতেনাতে প্রমাণ পাওয়ায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

মাদারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীস রায় বিষয়টি নিশ্চিত করেছেন।

Facebook
Twitter
LinkedIn