Search

ইরানে আয়াতুল্লাহ খামেনির রাষ্ট্রীয় জানাজা স্থগিত

ইরানের নিহত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির রাষ্ট্রীয় জানাজা ও শোকানুষ্ঠান স্থগিত করা হয়েছে। ইরানের রাষ্ট্রীয় ও ঘনিষ্ঠ সংবাদমাধ্যমগুলো এ তথ্য জানিয়েছে।

রানের তাসনিম ও ফার্স সংবাদ সংস্থার খবরে বলা হয়েছে, রাজধানী তেহরানে বুধবার রাত ১০টা (১৮:৩০ জিএমটি) থেকে তিন দিনব্যাপী শোকানুষ্ঠান শুরু হওয়ার কথা ছিল। কিন্তু বিপুল জনসমাগমের আশঙ্কা এবং প্রয়োজনীয় অবকাঠামো আপাতত প্রস্তুত না থাকায় অনুষ্ঠানটি স্থগিত করা হয়েছে।

রাষ্ট্রীয় জানাজা পরে কখন অনুষ্ঠিত হবে, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

ফার্স সংবাদ সংস্থা এক বিবৃতিতে জানিয়েছে, ‘আগে ঘোষণা করা হয়েছিল যে বুধবার রাত ১০টা থেকে এবং টানা তিন রাত শোকানুষ্ঠান শুরু হবে। তবে লাখো মানুষের উপস্থিতির সম্ভাবনা এবং প্রয়োজনীয় অবকাঠামো নিশ্চিত করার প্রয়োজনের কারণে কর্মসূচিটি স্থগিত করা হয়েছে।’

দ্য গার্ডিয়ানের প্রতিবেদন অনুযায়ী, তেহরান প্রদেশের ইসলামিক প্রোপাগেশন কো-অর্ডিনেশন কাউন্সিল এক বিবৃতিতে বলেছে, ‘আজ রাত থেকে আমাদের শহীদ আলেম ও মহান ইমামের পবিত্র মরদেহকে বিদায় জানানোর জন্য তেহরান গ্র্যান্ড মসজিদে আমাদের জনগণের উপস্থিত থাকার কথা ছিল। কিন্তু সারা দেশ থেকে অভূতপূর্ব সাড়া এবং ব্যাপক উপস্থিতির আকাঙ্ক্ষা, পাশাপাশি প্রয়োজনীয় অবকাঠামো প্রস্তুত করার দরকার পড়ে যাওয়ায় অনুষ্ঠানটি স্থগিত করা হয়েছে।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘এই অনুষ্ঠানে অংশ নেওয়ার বিপুল সংখ্যক অনুরোধ এবং জনগণকে আতিথ্য দেওয়ার জন্য পর্যাপ্ত সুবিধা প্রস্তুত করার প্রয়োজন বিবেচনায় নিয়ে সিদ্ধান্ত হয়েছে, অনুষ্ঠানটি আরও উপযুক্ত সময়ে আয়োজন করা হবে।’

বিবিসি জানিয়েছে, রাষ্ট্রীয় জানাজা পরে আয়োজন করা হবে। তবে কবে অনুষ্ঠিত হবে, সে বিষয়ে এখনো কোনো তারিখ ঘোষণা করা হয়নি।

তেহরানের ইসলামিক প্রোপাগেশন কো-অর্ডিনেশনের প্রধান হোজ্জাতোলেসলাম সাইয়েদ মোহসেন মাহমুদি জানিয়েছেন, তেহরানের বিভিন্ন চত্বরে তিন দিনের জাতীয় শোক পালনের কর্মসূচি চলবে।

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে জানাজা ও শোকানুষ্ঠানের প্রস্তুতির ছবি ছড়িয়ে পড়েছিল। কিন্তু আয়োজকেরা জানিয়েছেন, সারা দেশ থেকে বিপুল মানুষের অংশগ্রহণের আগ্রহ থাকায় বড় পরিসরে আয়োজনের প্রস্তুতি নিতে সময় প্রয়োজন।

Facebook
Twitter
LinkedIn