বৈশ্বিক প্রেক্ষাপটে ক’দিন আগেও বাংলাদেশের অবস্থান বেশ ভালো ছিল। কিন্তু আচমকা করোনা গ্রাফে বাংলাদেশের উল্টোযাত্রা শুরু হয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত আরো পাঁচ হাজার ৪২ জনকে শনাক্ত করা হয়েছে। এ নিয়ে টানা দুইদিন দৈনিক পাঁচ হাজারের বেশি রোগী শনাক্ত হলো। সোমবার একদিনে সর্বোচ্চ পাঁচ হাজার ১৮১ জনের করোনা শনাক্ত হয়েছিল। রেকর্ড বলছে, গত বছরের ২রা জুলাই একদিনে চার হাজার ১৯ জনকে শনাক্ত করা হয়েছিল। দেশে টানা আটদিন ধরে দৈনিক সাড়ে তিন হাজারের বেশি রোগী শনাক্ত হচ্ছে। এর মধ্যে গত ২৩শে মার্চ তিন হাজার ৫৫৪ জনের, ২৪শে মার্চ তিন হাজার ৫৬৭ জনের, ২৫শে মার্চ তিন হাজার ৫৮৭ জনের, ২৬শে মার্চ তিন হাজার ৭৩৭ জনের, ২৭শে মার্চ তিন হাজার ৬৭৪ জনের, ২৮শে মার্চ তিন হাজার ৯০৮ জনের ও ২৯শে মার্চ পাঁচ হাজার ১৮১ জনের করোনা শনাক্ত হয়।



