Search

এবার পাকিস্তানিদের সব ধরনের ভিসা স্থগিত করল ভারত

ভারত-নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের পাহেলগাঁওয়ে বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হওয়ার ঘটনায় প্রতিবেশী পাকিস্তানকে দায়ী করেছে নয়াদিল্লি। তবে ভারতের এই অভিযোগ সরাসরি নাকচ করে দিয়েছে ইসলামাবাদ।

হামলার পর পাল্টা প্রতিক্রিয়ায় একের পর এক কড়া পদক্ষেপ নিতে শুরু করেছে ভারত। সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, পাকিস্তানি নাগরিকদের জন্য সব ধরনের ভিসা পরিষেবা স্থগিত করা হয়েছে।

বৃহস্পতিবার ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, পাকিস্তানি নাগরিকদের জন্য জারি করা সব বৈধ ভিসা আগামী রবিবার (২৭ এপ্রিল) থেকে বাতিল বলে গণ্য হবে। মেডিকেল ভিসাও এর আওতায় পড়বে, যা আগামী মঙ্গলবার (২৯ এপ্রিল) পর্যন্তই কার্যকর থাকবে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, ভারতে অবস্থানরত সকল পাকিস্তানি নাগরিককে নির্ধারিত সময়সীমার মধ্যে দেশ ত্যাগ করতে হবে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, যেসব পাকিস্তানি নাগরিক বর্তমানে ভারতে অবস্থান করছেন এবং বৈধ ভিসা রাখেন, তাদেরকে ৭২ ঘণ্টার মধ্যে ভারত ছাড়তে নির্দেশ দেওয়া হয়েছে।

এই পদক্ষেপের ফলে নতুন করে কোনো পাকিস্তানি নাগরিক ভারতে প্রবেশের জন্য ভিসা বা অন্য কোনো ভ্রমণ-সংক্রান্ত অনুমতিপত্র আর পাবেন না।

Facebook
Twitter
LinkedIn