সাংস্কৃতিক প্রতিবেদক
বাংলা একাডেমি প্রাঙ্গণে অনুষ্ঠিত ‘ঐতিহ্য বুক কার্নিভাল ২০২৫’–এর বিশেষ আয়োজন ‘ঐতিহ্য চিত্রাঙ্কন প্রতিযোগিতা’ সফলভাবে সম্পন্ন হয়েছে। রজতজয়ন্তীর উৎসবমুখর পরিবেশে আয়োজিত এই প্রতিযোগিতায় প্রায় ২০০ শিক্ষার্থী অংশগ্রহণ করে দারুণ উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে।

প্রতিযোগিতায় শিশু শ্রেণি থেকে ষষ্ঠ শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীরা ‘ক’ ও ‘খ’—এই দুই বিভাগে অংশ নেয়। শিশুদের সৃজনশীলতা, রং ব্যবহারের দক্ষতা ও বিষয়বস্তুর উপস্থাপন দেখে বিচারকমণ্ডলী মুগ্ধ হন।
বিচারক হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ আব্দুল মোমেন মিজান, সহযোগী অধ্যাপক, কারুশিল্প বিভাগ, চারুকলা অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয় ও সাদিয়া শারমিন, কারুশিল্পী ও শিশু শিল্প নির্দেশক।
বক্তৃতায় বিচারকরা শিশুদের অঙ্কন দক্ষতা ও বিষয় নির্বাচনের প্রশংসা করে বলেন, আমাদের প্রত্যাশার চেয়েও তোমরা সুন্দর এঁকেছ। আমরা অভিভূত, আমরা আনন্দিত। তোমাদের ভবিষ্যৎ দীপ্তময় হোক, সেই আশা রাখি।
দুজন বিচারক অংশগ্রহণকারীদের কাজ পর্যালোচনা করে প্রতিটি বিভাগে ১ম থেকে ১০ম স্থান পর্যন্ত বিজয়ীদের নাম ঘোষণা করেন।
প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় আকর্ষণীয় পুরস্কার, ক্রেস্ট ও সম্মাননা সনদ। এছাড়া প্রতিটি অংশগ্রহণকারীকে দেওয়া হয় অংশগ্রহণ সনদ, যা ছোটদের মাঝে বাড়িয়ে তোলে আনন্দ ও প্রেরণা।
রজতজয়ন্তীর এ বিশেষ আয়োজনে শিশুদের প্রবল অংশগ্রহণ ও তাদের অভিভাবক–শিক্ষকদের সহযোগিতা অনুষ্ঠানটিকে করে তুলেছে আরও সফল এবং প্রাণবন্ত। আমরা আশা করছি আগামী বছরগুলোতেও শিশুদের জন্য এমন সৃজনশীল আয়োজন অব্যাহত থাকবে।