মডেল ও অভিনেত্রী রাহা তানহা খান। বিদেশে পড়াশোনা করেছেন তিনি। এরপর দেশে এসে কক্সবাজার ঘুরতে যায়। তারপর বিভিন্ন সমস্যার মুখোমুখি হতে হয় তাকে। তবে তা বাস্তবে নয়, জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত পরিচালক রিয়াজুল রিজুর ছবিতে এমনি এক পরিস্থিতির সম্মুখীন হন এই অভিনেত্রী।
সম্প্রতি ছবিটির প্রথম লটের শুটিং শেষ করে কক্সবাজার থেকে ঢাকায় ফিরেছেন রাহা। নতুন ‘ব্ল্যাক লাইট’ চলচ্চিত্রটি নিয়ে রাহা বলেন, এই ছবিটি একদম ভিন্নধর্মী গল্পের। রিজু ভাই যখন গল্পটি শোনালেন শুনেই কাজটি করতে রাজি হয়ে যাই। আমরা কক্সবাজারে ২৪ থেকে ৩০ অক্টোবর পর্যন্ত শুটিং করেছি। একটা জার্নির মধ্যে দিয়ে এগিয়ে যায় ছবির গল্প।
তিনি আরও বলেন, আমার সঙ্গে শুটিং-এ অংশ নিয়েছিলেন শাহেদ শরীফ, আইরিন সুলতানা, আবু হেনা রনিসহ অনেকে। গল্পে আমার চরিত্রের নাম এমি। যে কিনা বিদেশে পড়াশোনা করেছে। এরপর দেশে এসে কক্সবাজার ঘুরতে যায়। তারপর বিভিন্ন সমস্যার মুখোমুখি হতে হয় তাকে। নানা চমকের মধ্যে দিয়ে গল্প এগিয়ে যায়।
সম্প্রতি রাহা বিগ বাজেটের ওয়েব সিরিজটির ‘মাফিয়া’তে কাজ করেছেন।ওয়েব সিরিজের শুটিং শেষ করেই ‘ওস্তাদ’ সিনেমার শুটিং-এ অংশ নেবেন রাহা।
এছাড়া নতুন আরও ৩ টি ছবিতে কাজের কথা চলছে বলে জানান তিনি। রাহা তানহা খানের মুক্তিপ্রাপ্ত ছবির মধ্যে রয়েছে জান্নাত, ভালোবাসা ডটকম, সারাংশে তুমি (মিউজিক্যাল)।



