গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ ঘিরে দিনভর নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সঙ্গে সংঘর্ষে ৩ জন নিহত ও সাংবাদিকসহ অন্তত অর্ধশতাধিক আহত হয়েছেন। এতে জেলাশহরে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বুধবার রাত ৮টা থেকে আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ২২ ঘণ্টা কারফিউ জারি করা হয়েছে
থমথমে গোপালগঞ্জ, কারফিউ আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত
রেজুয়ানুল হক, ঢাকা ও প্রসূন মন্ডল গোপালগঞ্জ
প্রকাশ : ১৭ জুলাই ২০২৫, ০৭:৩২ এএম
সংঘর্ষের পর থমথমে গোপালগঞ্জ। ছবি: ইনডিপেনডেন্ট
গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ ঘিরে দিনভর নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সঙ্গে সংঘর্ষে ৩ জন নিহত ও সাংবাদিকসহ অন্তত অর্ধশতাধিক আহত হয়েছেন। এতে জেলাশহরে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বুধবার রাত ৮টা থেকে আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ২২ ঘণ্টা কারফিউ জারি করা হয়েছে।
আজ সকালে দেখা গেছে, কারফিউ থাকলেও দিনমজুর, খেটে খাওয়া মানুষ রাস্তায় বেরিয়েছে। তবে এই ঘটনায় মামলা, অভিযান বা কেউ গ্রেপ্তার হয়েছেন কি না, তা পুলিশ নিশ্চিত করেনি।
জেলা প্রশাসন থেকে মাইকিং করে জনগণকে বাইরে না আসার ঘোষণা দেওয়া হয়েছে এরইমধ্যে। রাত থেকে জেলা সদরে লোকজনের চলাচল কমে গেছে।
বুধবার প্রায় ৩ ঘণ্টার সংঘর্ষের পর আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তায় গোপালগঞ্জ ছাড়েন এনসিপি নেতারা। এনসিপির সমাবেশের আগে ও পরে নিষিদ্ধ ছাত্রলীগের হামলায় রণক্ষেত্রে পরিণত হয় গোপালগঞ্জের পৌর পার্ক এলাকা। বিকেল পৌনে ৩টার দিকে এনসিপির সমাবেশ শেষ হওয়ার পর পরই ছাত্রলীগের দ্বিতীয় দফা হামলা। আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে হামলাকারীদের সংঘর্ষ চলে ঘণ্টার পর ঘণ্টা।
