Search

কুড়িগ্রামে এনসিপি প্রার্থীর গাড়িতে হামলা

কুড়িগ্রাম-২ আসনে ১১ দলীয় জোট সমর্থিত প্রার্থী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ড. আতিক মুজাহিদের গাড়ি লক্ষ্য করে হামলার ঘটনা ঘটেছে। হামলায় তার ছোট ভাই আশিকুর রহমানসহ পাঁচজন আহত হয়েছেন।

বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে জেলা শহরের পলাশবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। বাকি আহতরা হলেন- নুর আমিন (২৬), জিহাদ (৩০), সৃষ্টিসহ (১৮) আরও একজন।

এনসিপির জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক রাশেদুজ্জামান তাওহিদ জানান, প্রার্থীর নির্বাচনী গাড়িতে করে পলাশবাড়ী এলাকায় ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র পরিদর্শনে গেলে এ হামলার ঘটনা ঘটে। হাসপাতালে আহতদের দেখতে এসে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ১১ দলীয় জোট প্রার্থী ড. আতিক মুজাহিদ বলেন, ‘আমার নির্বাচনী গাড়িতে বাড়ি ফেরার সময় আমাকে মনে করে আমার ছোট ভাইসহ ৫ জনকে গাড়ি থেকে নামিয়ে পিটিয়ে আহত করা হয়েছে।’ তিনি অভিযোগ করে বলেন, ছাত্রদলের সভাপতি আমিমুল ইহছানের নেতৃত্বে ৩০ থেকে ৩৫ জন এ হামলা চালিয়েছে।

এ ঘটনায় থানায় মামলা করার কথা জানান এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা নিয়ে প্রশ্ন তুলে অবিলম্বে জড়িতদের গ্রেপ্তারের দাবি জানান। পরে রাত ১২টার দিকে ড. আতিক মুজাহিদ ও তার সমর্থকরা পুলিশ সুপারের বাসভবনের সামনে অবস্থান নেন।

Facebook
Twitter
LinkedIn