Search
[english_date] / [bangla_date] / [hijri_date] / [bangla_time]

খামেনির দিকে হাত বাড়ালে সেই হাত কেটে ফেলা হবে: হুঁশিয়ারি ইরানের সেনাবাহিনীর

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়ির বিরুদ্ধে কোনও ধরনের পদক্ষেপ নিলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কঠোর জবাব দেয়ার হুঁশিয়ারি দিয়েছে তেহরান। মঙ্গলবার ইরান সরাসরি সতর্ক করে জানায়, খামেনির বিরুদ্ধে আগ্রাসী কোনও পদক্ষেপ নেয়া হলে তারা শুধু সেই হাত কেটে ফেলবে না, বরং প্রতিপক্ষের ‘পুরো বিশ্বে আগুন ধরিয়ে দেবে’।

ইরানের সশস্ত্র বাহিনীর মুখপাত্র জেনারেল আবুলফজল শেকারচি বলেন, ‘ট্রাম্প জানেন— আমাদের নেতার দিকে যদি আগ্রাসনের কোনও হাত বাড়ানো হয়, আমরা শুধু সেই হাত কেটে ফেলব না, তাদের পুরো পৃথিবীতে আগুন ধরিয়ে দেব’। এর আগে ডোনাল্ড ট্রাম্প গত শনিবার পলিটিকোকে দেয়া এক সাক্ষাৎকারে খামেনেয়িকে আক্রমণ করে বলেন, তিনি ‘একজন অসুস্থ মানুষ, তার উচিত নিজের দেশ সঠিকভাবে চালানো এবং মানুষ হত্যা বন্ধ করা’। একইসঙ্গে ট্রাম্প বলেন, ‘ইরানে নতুন নেতৃত্ব খোঁজার সময় এসেছে।’

গত ২৮ ডিসেম্বর থেকে শুরু হওয়া বিক্ষোভ দমনে ইরানি কর্তৃপক্ষের কঠোর দমন-পীড়নের পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে। দুর্বল অর্থনীতির প্রতিবাদে শুরু হওয়া এই আন্দোলনে ব্যাপক সহিংসতা ছড়িয়ে পড়ে। ট্রাম্প এই পরিস্থিতিতে ইরানের জন্য দুটি ‘রেড লাইন’ টেনে দেন। সেগুলো হলো— শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের হত্যা এবং আন্দোলনের পর গণহারে মৃত্যুদণ্ড কার্যকর করা।

এদিকে সাম্প্রতিক দিনগুলোতে দক্ষিণ চীন সাগরে অবস্থান করা মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস আব্রাহাম লিংকন মালাক্কা প্রণালি অতিক্রম করেছে বলে খবর পাওয়া যাচ্ছে। মালাক্কা প্রণালি দক্ষিণ চীন সাগর ও ভারত মহাসাগরের মধ্যে একটি গুরুত্বপূর্ণ নৌপথ। মার্কিন নৌবাহিনীর এক কর্মকর্তা পরিচয় প্রকাশ না করার শর্তে জানান, বিমানবাহী এই রণতরী ও তার সঙ্গে থাকা তিনটি ডেস্ট্রয়ার পশ্চিম দিকে যাচ্ছে।

Facebook
Twitter
LinkedIn