বিপিএলে থাকবে বরিশাল, খেলবেন তামিমও, তবে…
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৫, ০১:৩১ পিএম
সর্বশেষ বিপিএলে চ্যাম্পিয়ন হয়েছে ফরচুন বরিশাল। ছবি: ফরচুন বরিশালের ফেসবুক
আসন্ন বিপিএলের আয়োজন নিয়ে নানা গুঞ্জন বাতাসে ভেসে বেড়ালেও গত শনিবার এক বিবৃতিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, ডিসেম্বরের মধ্যভাগ থেকে বিপিএল আয়োজন করতে চায় বোর্ড। সেই লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে ইওআই (দরপত্র) আহ্বান করে বোর্ড। সেই বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, এবারের বিপিএল পাঁচ দলের হতে পারে।
বিপিএল আয়োজন নিয়ে বিসিবির আনুষ্ঠানিক ঘোষণা আসার পর নতুন গুঞ্জন ওঠে, আসন্ন বিপিএলে অংশ নেবে না বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। তবে সে ডালপালা মেলার আগেই সে গুঞ্জন থামিয়ে দিয়েছেন ফ্র্যাঞ্চাইজিটির স্বত্বাধিকারী মিজানুর রহমান। ক্রীড়াবিষয়ক সংবাদমাধ্যম ক্রিকবাজের সঙ্গে আলাপকালে মিজানুর জানিয়েছেন, বরিশাল বিপিএলে থাকবে। তবে একটা শর্ত জুড়ে দিয়েছেন তিনি। সেই শর্ত হিসেবে টুর্নামেন্টের সূচি পেছানোর জন্য বিপিএল গভর্নিং কমিটির কাছে আহ্বান জানিয়েছেন তিনি।
তা বিপিএলে বরিশালের না খেলা নিয়ে গুঞ্জনই বা কেন উঠল? আর দলটির মালিক কেন বিপিএল পেছানোর অনুরোধ করছেন?
গুঞ্জনের সূত্রপাত বিসিবি নির্বাচন ও তামিম ইকবালকে ঘিরে। কয়েকদিন আগের বিসিবি নির্বাচন ঘিরে যে নাটকীয়তা দেখা গেছে, সেখানের বড় অংশ জুড়ে জড়িয়ে ছিল জাতীয় দলের সাবেক অধিনায়কের নাম। এক পর্যায়ে নির্বাচন বয়কট করেন তামিম। আবার ঢাকার অনেক ক্লাব ক্রিকেট বয়কটের হুমকি দেয়। এখন তামিম যেহেতু বরিশালের অধিনায়ক, তবে কি নতুন বোর্ড পরিচালকদের অধীনে তামিমের দল অংশ নেবে! সেখান থেকেই শুরু হয় গুঞ্জন। আর সে গুঞ্জন উড়িয়ে দিয়েছেন বরিশালের স্বত্বাধিকারী। পাশাপাশি কেন তিনি বিপিএল পেছানোর আহ্বান করেছেন, সেটার ব্যাখ্যাও দিয়েছেন।
