বহু চ্যালেঞ্জ আর প্রত্যাশার ত্রয়োদশ সংসদের যাত্রা শুরু হচ্ছে আজ। ’২৪-এর গণ-অভ্যুত্থানের পথ ধরে দৃষ্টান্ত স্থাপন করা ভোটের মাধ্যমে নির্বাচিত সরকার ও বিরোধী দলের আসল পরীক্ষা শুরু হচ্ছে আজ। গণ-অভ্যুত্থানে জীবনবাজি রাখা ছাত্র-জনতার প্রত্যাশিত জবাবদিহিমূলক কার্যকর সংসদ পরিচালনার কঠিন চ্যালেঞ্জ নিয়েই সংসদ নেতা হিসেবে আনুষ্ঠানিক দায়িত্ব শুরু করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকার প্রধান হিসেবে বিরল নজির তৈরি করে যাত্রা শুরু করা তারেক রহমান জাতীয় সংসদের ভবিষ্যৎ রাজনীতির জন্য নজির তৈরি করতে চান বলে জানিয়েছেন তার ঘনিষ্ঠজনরা। একইসঙ্গে গণ-অভ্যুত্থান পরবর্তী নির্বাচনে বিপুল সমর্থন নিয়ে বিজয়ী হওয়া সরকারি দল বিএনপি ও সমমনা জোটের এমপিদের সামনেও জনপ্রত্যাশা পূরণের বিশাল এক চ্যালেঞ্জ। সরকার এবং সরকারি দলের এমপিদের জবাবদিহিতা নিশ্চিতের বড় চ্যালেঞ্জ নিয়ে প্রথমবারের মতো বিরোধী দলের দায়িত্ব গ্রহণ করছে জামায়াত-এনসিপি নেতৃত্বাধীন জোট। জামায়াতের আমীর হিসেবে প্রথমবার বিরোধী দলের নেতার আসনে কার্যক্রম শুরু করছেন ডা. শফিকুর রহমান। গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা অনুযায়ী অন্তর্বর্তী সরকারের হাতে তৈরি জুলাই সনদ বাস্তবায়নে সরকারি ও বিরোধী দল যে অঙ্গীকার করেছে তা পূরণের পর্বও শুরু হচ্ছে আজ থেকে। আজ থেকে যাত্রা শুরু হওয়া ত্রয়োদশ জাতীয় সংসদের মেয়াদকাল হবে আগামী ২০৩১ সালের মার্চ পর্যন্ত।



