ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটযুদ্ধ শেষে ২৯৭টি আসনের ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে
নির্বাচন কমিশন (ইসি)। গতকাল আগারগাঁও নির্বাচন কমিশন সচিবালয়ে ফল ঘোষণার সমাপনী বক্তব্যে ইসি সচিব আখতার আহমেদ এ সব তথ্য জানান। প্রাপ্ত ফলাফল অনুযায়ী, রাজধানীর নির্বাচনী লড়াইয়ে আধিপত্য বজায় রেখেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। ২০টি আসনের মধ্যে ১৩টি আসনেই জয় পেয়েছেন ধানের শীষের প্রার্থীরা। অন্যদিকে, জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১-দলীয় নির্বাচনী ঐক্য জয় পেয়েছে ৭টি আসনে।
ঢাকা-১: এই আসনে বেসরকারিভাবে জয়ী হয়েছেন বিএনপি’র প্রার্থী খোন্দকার আবু আশফাক। ধানের শীষ প্রতীকে তিনি পেয়েছেন ১ লাখ ৭৩ হাজার ৭৮১ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মোহাম্মদ নজরুল ইসলাম (দাঁড়িপাল্লা) পেয়েছেন ১ লাখ ১২ হাজার ৬২২ ভোট।
ঢাকা-২: এ আসনে ১ লাখ ৬৩ হাজার ২০ ভোট পেয়ে জয়ী হয়েছেন বিএনপি’র আমানউল্লাহ আমান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের কর্নেল (অব.) আব্দুল হক পেয়েছেন ৭৮ হাজার ৬৫৫ ভোট।
ঢাকা-৩: ঢাকা-৩ আসনে বেসরকারি ফলে জয়ী হয়েছেন বিএনপি’র প্রার্থী গয়েশ্বর চন্দ্র রায়। তিনি পেয়েছেন ৯৮ হাজার ৭৮৫ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের শাহীনুল ইসলাম পেয়েছেন ৮২ হাজার ২৩২ ভোট।
ঢাকা-৪: এ আসনে প্রায় ৩ হাজার ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন জামায়াতে ইসলামীর নেতা সৈয়দ জয়নুল আবেদীন। দাঁড়িপাল্লা প্রতীকে তিনি পেয়েছেন ৭৭ হাজার ৩৬৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি’র প্রার্থী তানভীর আহমেদ পেয়েছেন ৭৪ হাজার ৪৪৭ ভোট।
ঢাকা-৫: এই আসনে জয়ী হয়েছেন জামায়াতে ইসলামীর প্রার্থী মোহাম্মদ কামাল হোসেন। দাঁড়িপাল্লা প্রতীকে ৯ হাজারের বেশি ভোটের ব্যবধানে নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি’র মো. নবী উল্লাহকে হারিয়েছেন। কামাল হোসেন পেয়েছেন ৯৬ হাজার ৬৪১ ভোট এবং নবী উল্লাহ পেয়েছেন ৮৭ হাজার ৪৯১ ভোট।
ঢাকা-৬: এই আসনে জয়ী হয়েছেন বিএনপি’র প্রার্থী ইশরাক হোসেন। ধানের শীষ প্রতীকে তিনি পেয়েছেন ৭৮ হাজার ৮৫০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর মো. আবদুল মান্নান পেয়েছেন ৫৫ হাজার ৬৯৭ ভোট। ইশরাক হোসেন ২৩ হাজার ১৫৩ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন।
ঢাকা-৭: ১ লাখ ৪ হাজার ৬৬৬ ভোট পেয়ে জয়ী হয়েছেন বিএনপি’র প্রার্থী হামিদুর রহমান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের মো. এনায়েত উল্লাহ পেয়েছেন ৯৮ হাজার ৪৮৩ ভোট।
ঢাকা-৮ আসনে বিজয়ী হয়েছেন বিএনপি’র প্রার্থী মির্জা আব্বাস উদ্দিন আহমেদ। এই আসনের ১০৯টি কেন্দ্রের মধ্যে ১০৮টিতে সরাসরি ভোটগ্রহণ হয়। এতে বিএনপি’র মির্জা আব্বাস ৫৬ হাজার ৫৫২ ভোট পান। এর সঙ্গে তিনি ২ হাজার ৮১৪টি পোস্টাল ভোট পেয়েছেন। তাতে মোট ভোট পড়ে ৫৯ হাজার ৩৬৬। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এনসিপি’র মোহাম্মদ নাসির উদ্দিন পাটোয়ারী ১০৮টি কেন্দ্রে পেয়েছেন ৫১ হাজার ৫৭২ ভোট। এর সঙ্গে তিনি পোস্টাল ভোট পেয়েছেন ২ হাজার ৫৫৫টি। তাতে তার পক্ষে মোট ভোট পড়ে ৫৪ হাজার ১২৭টি। বিএনপি প্রার্থী মির্জা আব্বাস ৫ হাজার ২৩৯ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন।
ঢাকা-৯: এ আসনে জয়ী হয়েছেন বিএনপি’র প্রার্থী হাবিবুর রশিদ। ধানের শীষ প্রতীকে তিনি পেয়েছেন ১ লাখ ১১ হাজার ২১২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মোহাম্মদ জাবেদ মিয়া পেয়েছেন ৫৩ হাজার ৪৬০ ভোট। এছাড়া স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা (ফুটবল) পেয়েছেন ৪৪ হাজার ৬৮৪ ভোট।
ঢাকা-১০ আসনে জয়ী হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী শেখ রবিউল আলম। তিনি নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী মো. জসীম উদ্দীন সরকারের তুলনায় ৩ হাজার ৩০০ ভোট বেশি পেয়েছেন। শেখ রবিউল আলম পেয়েছেন ৮০ হাজার ৪৩৬ ভোট এবং জসীম উদ্দীন পেয়েছেন ৭৭ হাজার ১৩৬ ভোট।
ঢাকা-১১: এ আসনে ২ হাজার ৩৯ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী নাহিদ ইসলাম। শাপলা কলি প্রতীকে তিনি পেয়েছেন ৯৩ হাজার ৮৭২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি’র এমএ কাইয়ুম পেয়েছেন ৯১ হাজার ৮৩৩ ভোট।
ঢাকা-১২: বিএনপি জোটের প্রার্থী ও বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থীকে হারিয়ে জয়ী হয়েছেন জামায়াতের প্রার্থী মো. সাইফুল আলম খান মিলন। দাঁড়িপাল্লা প্রতীকে তিনি পেয়েছেন ৫৩ হাজার ৭৭৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি জোটের প্রার্থী (বিপ্লবী ওয়ার্কার্স পার্টি) সাইফুল হক (কোদাল) পেয়েছেন ৩০ হাজার ৯৬৩ ভোট।
ঢাকা-১৩: এই আসনে বিএনপি সমর্থিত ধানের শীষ প্রতীকের প্রার্থী ববি হাজ্জাজ বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ৮৮ হাজার ৩৮৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১-দলীয় ঐক্যের প্রার্থী মামুনুল হক পেয়েছেন ৮৬ হাজার ৬৭ ভোট। ববি হাজ্জাজ ২ হাজার ৩২০ ভোটে জয়ী হয়েছেন।
ঢাকা-১৪: এ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মীর আহমাদ বিন কাসেম বেসরকারিভাবে জয়ী হয়েছেন। দাঁড়িপাল্লা প্রতীকে তিনি পেয়েছেন ১ লাখ ১ হাজার ১১৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি’র সানজিদা ইসলাম পেয়েছেন ৮৩ হাজার ৩২৩ ভোট।
ঢাকা-১৫ আসনে জয় পেয়েছেন জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। তিনি পেয়েছেন ৮৫ হাজার ১৩১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি’র মো. শফিকুল ইসলাম খান পেয়েছেন ৬৩,৫১৭ ভোট। শফিকুর রহমান ২১ হাজার ৬১৪ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন।
ঢাকা-১৬: এ আসনে ৩ হাজার ৩৬১ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন জামায়াতে ইসলামীর প্রার্থী মো. আব্দুল বাতেন। তিনি পেয়েছেন ৮৮ হাজার ৮২৮ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি’র মো. আমিনুল হক পেয়েছেন ৮৫ হাজার ৪৬৭ ভোট।
ঢাকা-১৭: এই আসনে বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমান ৭২ হাজার ৬৯৯ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর স ম খালিদুজ্জামান পেয়েছেন ৬৮ হাজার ৩০০ ভোট। ৪ হাজার ৩৯৯ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন তারেক রহমান।
ঢাকা-১৮: এনসিপি’র প্রার্থীকে ৩৩ হাজারের বেশি ভোটে হারিয়ে বিজয়ী হয়েছেন বিএনপি’র এসএম জাহাঙ্গীর হোসেন। ধানের শীষ প্রতীকে তিনি পেয়েছেন ১ লাখ ৪৪ হাজার ৭১৫ ভোট। এনসিপি’র প্রার্থী আরিফুল ইসলাম পেয়েছেন ১ লাখ ১১ হাজার ২৯৭ ভোট।
ঢাকা-১৯: এ আসনে বিএনপি’র প্রার্থী দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন ১ লাখ ৯০ হাজার ৯৭৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এনসিপি’র দিলশানা পারুল পেয়েছেন ১ লাখ ২৫ হাজার ২৮৩ ভোট।
ঢাকা-২০ (ধামরাই) আসনে বিএনপি’র প্রার্থী মো. তমিজ উদ্দিন নির্বাচিত হয়েছেন। ধানের শীষ প্রতীকে তিনি পেয়েছেন ১ লাখ ৬০ হাজার ৪২৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১-দলীয় নির্বাচনী ঐক্যের এনসিপি প্রার্থী নাবিলা তাসনিদ পেয়েছেন ৫৬ হাজার ৩৪৩ ভোট।



