দেশে বন্যা পরিস্থিতির দ্রুত উন্নতি হচ্ছে। গত ৪ আগস্ট বন্যায় আক্রান্ত জেলা ছিল ১৮টি। তিনদিনের ব্যবধানে ছয়টি জেলা বন্যামুক্ত হয়েছে। বর্তমানে ১২টি জেলা বন্যায় আক্রান্ত। তিনদিন আগেও ১৭টি নদ-নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। বর্তমানে তা নেমে এসেছে ১২টিতে। শুক্রবার (৭ আগস্ট) ও গত মঙ্গলবারের (৪ আগস্ট) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের দেয়া তথ্য বিশ্লেষণে এমন চিত্র উঠে এসেছে। শুক্রবার বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে, ঢাকার আশেপাশের নদীর পানি কমছে, যা আগামী ৪৮ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। মনু নদী ছাড়া উত্তর-পূর্বাঞ্চলের উজানে মেঘনা অববাহিকার প্রধান নদীর পানি কমছে, যা আগামী ৪৮ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। আগামী ২৪ ঘণ্টায় সিরাজগঞ্জ, টাঙ্গাইল, নাটোর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, চাঁদপুর, রাজবাড়ি, শরীয়তপুর, ঢাকা ও নারায়ণগঞ্জ জেলার বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে।



