সরকারি চাকরিজীবীদের জন্য নবম পে-স্কেলের গেজেট জারির দাবিতে পুলিশের ব্যারিকেড ভেঙে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে যাচ্ছেন সরকারি কর্মচারীরা। শুক্রবার সকালে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশের পর বিক্ষোভ মিছিল নিয়ে রওনা করে তারা।
প্রত্যক্ষদর্শীরা জানান, শহীদ মিনারে সমাবেশের পর বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগ অভিমুখে রওনা দিলে পুলিশ তাতে বাধা দেয়। মুখোমুখি অবস্থানে চলে যায় পুলিশ-আন্দোলনকারীরা। এ সময় আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে জলকামান ছোড়ে পুলিশ। সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেলও নিক্ষেপ করা হয়। শেখ খবর পাওয়া পর্যন্ত আন্দোলনকারীদের সাথে পুলিশের থেমে থেমে পাল্টাপাল্টি ধাওয়া চলছিল।
এদিকে রাষ্ট্রীয় ভবন যমুনার নিরাপত্তায় কাকরাইল মসজিদ ও হোটেল ইন্টারকন্টিনেন্টাল এলাকায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
