ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারা বলেছেন, অনেক তরুণ-তরুণী পড়ালেখা করেছেন কিন্তু চাকরি হচ্ছে না। মেধা আছে তবে পুঁজি নেই৷ স্টার্টআপ ঢাকা-৯ নামে একটা ফান্ড তৈরি করে বেকার শিক্ষার্থীদের জন্য প্রাথমিক পুঁজির ব্যবস্থা করব। যারা ঘরে বসে ব্যবসা করতে চান, তাদের জন্যও পুঁজির ব্যবস্থা করা হবে৷
তাসনিম জারা বলেন, আমি ফুটবল মার্কায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছি। সচেতনভাবেই আমরা প্রচারণা একটু ভিন্নভাবে করছি। কোনো শোডাউন, মিছিল বা পোস্টার লাগাচ্ছি না। লাউডস্পিকারের ব্যবহারও এড়িয়ে চলছি, যাতে মানুষের ভোগান্তি না হয়।
তিনি বলেন, অলিগলি, পাড়া-মহল্লা, এমনকি বস্তি এলাকাতেও গিয়ে মানুষের সঙ্গে কথা বলছি। সাড়া পাচ্ছি কল্পনার বাইরে। মানুষ গাড়ি বা রিকশা থেকে নেমে কথা বলছেন, শুভেচ্ছা জানাচ্ছেন। নারী-পুরুষ, তরুণ-বয়স্ক—সব বয়সের মানুষের কাছ থেকেই ভালোবাসা পাচ্ছি।
