জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আগামীকাল রোববার (৮ নভেম্বর) জাতীয় সংসদের দশম (বিশেষ) অধিবেশন শুরু হতে যাচ্ছে। ওইদিন সন্ধ্যা ৬টায় অধিবেশন শুরু হবে। সভাপতিত্ব করবেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
আগের তিনটি অধিবেশনের মতো এবারও মহামারি করোনা ভাইরাসের ঝুঁকি এড়াতে কঠোর স্বাস্থ্যবিধি মেনে এ অধিবেশনের কার্যক্রম চলবে
সংসদ সচিবালয়ের দেওয়া তথ্যানুযায়ী, অধিবেশনের প্রথম দিনে অর্থাৎ ৯ নভেম্বর শোক প্রস্তাব ও অধ্যাদেশ উত্থাপন করা হবে। পরদিন ৯ নভেম্বর সন্ধ্যা ৬টায় বিশেষ অধিবেশনের কার্যক্রম শুরু হবে। ওইদিন অধিবেশনের শুরুতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ভাষণ দেবেন।
বঙ্গবন্ধুর বর্ণাঢ্য ও কর্মময় রাজনৈতিক জীবন নিয়ে রাষ্ট্রপতির স্মারক বক্তৃতার পর তা নিয়ে আলোচনার জন্য একটি সাধারণ প্রস্তাব আনা হবে। ওই প্রস্তাবের ওপর সরকার ও বিরোধীদলীয় সংসদ সদস্যদের দীর্ঘ আলোচনা শেষে তা পাস হবে।
জানা গেছে, বিশেষ অধিবেশনকে সামনে রেখে প্রস্ততি শেষপর্যায়ে। সংসদ সদস্য, সাংবাদিকসহ সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের কভিড-১৯ নমুনা পরীক্ষা চলছে। সংসদ ভবনের মিডিয়া সেন্টার ও মেডিক্যাল সেন্টার এই পরীক্ষার নমুনা সংগ্রহ করা হচ্ছে। করোনা নেগেটিভ ব্যক্তিরাই বিশেষ অধিবেশনে প্রবেশ করতে পারবেন।
সব প্রস্তুতি শেষ করেও করোনা পরিস্থিতির কারণে গত ২২ ও ২৩ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে সংসদের বিশেষ অধিবেশনটি স্থগিত করা হয়।
এদিকে সংসদ অধিবেশন উপলক্ষে শনিবার (৭ নভেম্বর) রাত ১২টা থেকে সংসদ ভবন এলাকায় সকল প্রকার অস্ত্র, বিস্ফোরক দ্রব্য, অন্যান্য ক্ষতিকারক ও দূষণীয় দ্রব্য বহন এবং যেকোনও প্রকার সমাবেশ, মিছিল, শোভাযাত্রা, বিক্ষোভ প্রদর্শন ইত্যাদি নিষিদ্ধ ঘোষণা করে বিজ্ঞাপ্তি জারি করা হয়।
বিজ্ঞপ্তিতে যেসব এলাকায় নিষেধাজ্ঞা বহাল থাকার কথা বলা হয়েছে সেগুলো হলো, ময়মনসিংহ রোডের মহাখালী ক্রসিং হতে পুরাতন বিমানবন্দর হয়ে বাংলামোটর ক্রসিং পর্যন্ত, বাংলামোটর লিংক রোডের পশ্চিম প্রান্ত হতে হোটেল সোনারগাঁও রোডের সার্ক ফোয়ারা পর্যন্ত, পান্থপথের পূর্ব প্রান্ত হতে গ্রীন রোডের সংযোগস্থল হয়ে ফার্মগেট পর্যন্ত, মিরপুর রোডের শ্যামলী মোড় হতে ধানমন্ডি-১৬ (পুরাতন-২৭) নম্বর সড়কের সংযোগস্থল, রোকেয়া সরণীর সংযোগস্থল হতে পুরাতন নবম ডিভিশন (উড়োজাহাজ) ক্রসিং হয়ে বিজয় সরণীর পর্যটন ক্রসিং, ইন্দিরা রোডের পূর্ব প্রান্ত হতে মানিক মিয়া এভিনিউয়ের পশ্চিম প্রান্ত, জাতীয় সংসদ ভবনের সংরক্ষিত এলাকা।
বিজ্ঞপ্তিতে উল্লেখিত সীমানার মধ্যে অবস্থিত সকল রাস্তা ও গলি এই নিষেধাজ্ঞার আওতাভুক্ত থাকবে বলে জানানো হয়। ১১তম জাতীয় সংসদের বিশেষ অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত এই আদেশ বলবৎ থাকবে।



