Search

মধ্যপ্রাচ্যগামী সব ফ্লাইট বাতিল

ইরানে নতুন করে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলা শুরুর ফলে মধ্যপ্রাচ্যের আকাশসীমায় নিরাপত্তাঝুঁকি তৈরি হয়েছে। এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশ থেকে বাহরাইন, কুয়েত, দুবাই ও কাতারসহ কয়েকটি দেশের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বেবিচক জানিয়েছে, নতুন করে সৃষ্ট নিরাপত্তা পরিস্থিতির কারণে মধ্যপ্রাচ্যের সংশ্লিষ্ট রুটগুলোতে নির্ধারিত কয়েকটি বাণিজ্যিক ফ্লাইট বাতিল, বিলম্ব এবং পুনর্নির্ধারণ করা হয়েছে।

বেবিচকের গৃহীত সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ সংশ্লিষ্ট সব এয়ারলাইন্সকে কয়েকটি নির্দেশনা দিয়েছে।

সেগুলো হলো-

১) ফ্লাইট বাতিল বা বিলম্ব-সংক্রান্ত তথ্য যাত্রীদের এসএমএস, ই-মেইল ও কল সেন্টারের মাধ্যমে অগ্রিম জানাতে হবে।

২) সংশ্লিষ্ট এয়ারলাইন্সের কর্মীদের বিমানবন্দরে উপস্থিত থেকে যাত্রীদের প্রয়োজনীয় তথ্য প্রদান ও দিকনির্দেশনা নিশ্চিত করতে হবে।

৩) পুনর্নির্ধারিত ফ্লাইট-সংক্রান্ত স্পষ্ট ও সমন্বিত তথ্য প্রদান নিশ্চিত করতে হবে, যাতে অপ্রয়োজনীয় ভোগান্তি পরিহার করা যায়।

উক্ত রুটগুলোতে ভ্রমণের পরিকল্পনায় থাকা সম্মানিত যাত্রীদের নিজ নিজ এয়ারলাইন্স অফিস বা ট্রাভেল অ্যাজেন্সির সাথে জরুরি ভিত্তিতে যোগাযোগ করে ফ্লাইটের বর্তমান অবস্থা যাচাই ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানানো হয়েছে।

বেবিচক আরো বলেছে, পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত যাত্রী নিরাপত্তা ও স্বাভাবিক কাজকর্ম নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবার সমন্বিত সহযোগিতা কামনা করা হচ্ছে। এক্ষেত্রে যাত্রী সাধারণের সহানুভূতি ও সহযোগিতা কামনা করেছে সংস্থাটি।

Facebook
Twitter
LinkedIn