রাজধানীর খিলগাঁওয়ে সজল মোল্লা (৫৫) নামে এক রিকশাচালকের বিরুদ্ধে চার শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ ওঠেছে। অভিযুক্ত রিকশাচালককে আটক করেছে পুলিশ। বুধবার রাত ৯ টার দিকে খিলগাঁও থানা পুলিশ স্বাস্থ্য পরীক্ষার জন্য ওই চার শিশুকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) নিয়ে যান। যৌন হয়রানির শিকার শিশুদের বয়স ৬ থেকে ৯ বছরের মধ্যে। ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, খিলগাঁও থানাধীন উত্তর গোড়ান এলাকায় একটি টিনসেড বাড়িতে ওই চার শিশু তাদের পরিবারের সঙ্গে থাকতো। পাশের বাসায় সজল মোল্লা নামে ওই রিকশাচালকও থাকতো। বেশ কয়েকদিন ধরে ওই রিকশাচালকের স্ত্রী বাসায় না থাকায় শিশুদের চকলেটের লোভ দেখিয়ে রুমে ডেকে নিয়ে যেত সজল। সেখানে সে বিভিন্ন সময়ে শিশুদের ওপর যৌন হয়রানি চালাতো।



