চলমান জ্বালানি সংকটের ধাক্কা পরিবহণ সেক্টরে পড়েছে। তাই বেপারিরা রাজধানীসহ দেশের বড় মোকামগুলোতে পেঁয়াজ পাঠাতে পারছেন না। এর ফলে রাজশাহীসহ উত্তরের বিভিন্ন মোকামে পেঁয়াজের অস্বাভাবিক দরপতন ঘটেছে। শুক্রবার রাজশাহীর কয়েকটি হাটবাজার ও মোকামে পেঁয়াজ বিক্রি হয়েছে মাত্র ১৫০ থেকে ২০০ টাকা মন দরে। সেই হিসাবে চাষিরা প্রতি কেজি পেঁয়াজের দাম পেয়েছেন মাত্র পৌনে ৪ থেকে ৫ টাকা করে। চাষিরা বলছেন দুই সপ্তাহ আগেও তারা প্রতি মন পেঁয়াজ বিক্রি করেছেন ৬৫০ থেকে ৭৫০ টাকা মন দরে।
পেঁয়াজ নিতে পরিবহণ খরচ হয় প্রতি মনে ৩০ টাকা। হাটে খাজনা দিতে হয় মনপ্রতি ৩০ টাকা। ফলে এক মন পেঁয়াজ বিক্রি করে চাষির পকেটে উঠছে মাত্র ১৩০ থেকে ১৪০ টাকা। অথচ এক প্রতি মন মুড়িকাটা পেঁয়াজ ফলাতে চাষির খরচ হয়েছে ৭০০ থেকে ৭৫০ টাকা। প্রতি বিঘায় মুড়িকাটা পেঁয়াজ চাষের খরচ ৪৫ হাজার টাকা। চাষিরা এ বছর এক বিঘায় পেঁয়াজের ফলন পাচ্ছেন ৫৫ থেকে ৬০ মন করে। অথচ মোকামে বিক্রি করছেন মাত্র ৪ থেকে ৫ টাকা কেজি দরে। চাষিদের জন্য এটা এক অসহনীয় অবস্থা।



