রাজধানীসহ দেশের বাজারগুলোতে নিত্যপণ্যের দাম কোনোভাবেই নিয়ন্ত্রণে আসছে না। গত সপ্তাহে সবজির বাজার একটু নিম্নমুখী মনে হলেও সাম্প্রতিক টানা বৃষ্টির কারণে দাম আবার বেড়ে গেছে। রাষ্ট্রীয় বিপণন সংস্থা টিসিবির (ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ) এক বছরের তথ্য বিশ্লেষণে দেখা যাচ্ছে, চাল-ডাল-আটা-ময়দা-তেল থেকে শুরু করে মাছ-গোশতসহ প্রায় সব নিত্যপণ্যের দামই বেড়েছে।
গতকাল রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, সব ধরনের সবজির দাম অন্তত ১০ থেকে ৩০ টাকা পর্যন্ত বেড়েছে। প্রতি কেজি ঢেঁড়স বিক্রি হচ্ছে ৭০-৮০ টাকা, কচুরলতি ৮০ টাকা, গোল বেগুন ১০০ টাকা, বরবটি ১০০ টাকা, চিচিঙ্গা, ঝিঙে, ধন্দুল ৮০ টাকা, পটোল ৭০ টাকা, শসা ৮০ টাকা, করলা ১০০ টাকা, লম্বা বেগুন ৮০ টাকা, শিম ২০০ টাকা, মিষ্টিকুমড়া ৬০ টাকা, পেঁপে ৩০ টাকা, লাউ ৭০ টাকা, কাঁকরোল ৮০ টাকা, কচুরমুখী ৬০ টাকা দরে। তবে সবচেয়ে বেশি আলোচনায় এসেছে কাঁচামরিচের দাম। এক সপ্তাহের ব্যবধানে ১০০ টাকা বৃদ্ধি পেয়ে এখন প্রতি কেজি ৪০০ টাকায় বিক্রি হচ্ছে রান্নার এই অপরিহার্য অনুষঙ্গ।
