Search

সূচি প্রকাশ, টি-২০ বিশ্বকাপের উদ্বোধনী দিনে মাঠে নামবে বাংলাদেশ

KANDY, SRI LANKA - SEPTEMBER 21: The ICC World T20 trophy on display before the ICC World T20 Group D match between New Zealand and Bangladesh at Pallekele Cricket Stadium on September 21, 2012 in Kandy, Sri Lanka. (Photo by Graham Crouch-ICC/ICC via Getty Images)

আগামী টি-২০ বিশ্বকাপের উদ্বোধনী দিনেই মাঠে নামবে বাংলাদেশ। ১৭ অক্টোবর বাংলাদেশের প্রতিপক্ষ স্কটল্যান্ড। প্রথম রাউন্ডে তিনটি ম্যাচই বাংলাদেশ খেলবে ওমানে।

টি-২০ বিশ্বকাপের গ্রুপিং আগে ঠিক হলেও মঙ্গলবার সকালে সূচি ঘোষণা করে আইসিসি। প্রথম পর্বে বাংলাদেশের অন্য দুটি ম্যাচে ১৯ অক্টোবর প্রতিপক্ষ ওমান ও ২১ অক্টোবর লড়াই পাপুয়া নিউ গিনির সাথে।

উদ্বোধনী দিনের প্রথম ম্যাচে ‘বি’ গ্রুপে পাপুয়া নিউ গিনির বিপক্ষে খেলবে স্বাগতিক ওমান। বিশ্ব ক্রিকেটের শীর্ষ পর্যায়ে ওমান অপরিচিত হলেও আন্তর্জাতিক ক্রিকেটে তারা নবীন নয়। টি-টোয়েন্টি ক্রিকেট খেলছে তারা গত ৬ বছর ধরেই। খেলেছে গত টি-২০ বিশ্বকাপেও। ওয়ানডে ক্রিকেট খেলছে ২০১৯ থেকে। এখনো পর্যন্ত ১১টি ওয়ানডে ও ৩৬টি টি-টোয়েন্টি তারা খেলেছে। ওমানের যে মাঠে বিশ্বকাপ হবে, সেখানে ওয়ানডে ম্যাচ হয়েছে চারটি, টি-২০ ৩০টি।

প্রথম রাউন্ডে ‘এ’ গ্রুপের দলগুলি মাঠে নামবে ১৮ অক্টোবর। আবু ধাবিতে আয়ারল্যান্ডের মুখোমুখি হবে নেদারল্যান্ডস এবং নামিবিয়ার বিপক্ষে লড়বে শ্রীলঙ্কা। এই গ্রুপের ম্যাচগুলি হবে সংযুক্ত আরব আমিরাতের আবু ধাবি ও শারজাহতে।

প্রথম রাউন্ডের খেলা শেষ হবে ২২ অক্টোবর। দুই গ্রুপে সেরা দুটি করে দল যাবে পরের ধাপে। ২৩ অক্টোবর থেকেই শুরু ‘সুপার টুয়েলভ’-এর লড়াই।

সুপার টুয়েলভ পর্বে গ্রুপ ‘ওয়ান’-এ ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের সাথে থাকবে প্রথম রাউন্ডে ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন ও ‘বি’ গ্রুপের রানার্স আপ। গ্রুপ ‘টু’-তে থাকবে ভারত, পাকিস্তান, নিউ জিল্যান্ড ও আফগানিস্তানের সঙ্গে প্রথম রাউন্ডের ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন ও ‘এ’ গ্রুপের রানার্স আপ।

বাংলাদেশ প্রত্যাশিতভাবে ‘বি’ গ্রুপের সেরা হতে পারলে তাদের জায়গা হবে ভারত-পাকিস্তানের এই গ্রুপেই।

সবশেষ টি-২০ বিশ্বকাপে ২০১৬ সালে প্রথম রাউন্ডে সেরা হয়েই পরের ধাপে গিয়েছিল বাংলাদেশ। তবে ‘সুপার টেন’ পর্বে তারা সব ম্যাচ হেরেছিল পাকিস্তান, অস্ট্রেলিয়া, ভারত ও নিউজিল্যান্ডের বিপক্ষে।

Facebook
Twitter
LinkedIn