বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার পাশাপাশি জুলাই সনদের সম্মানে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন।
শুক্রবার (৩০ জানুয়ারি) রাতে রংপুরের কালেক্টরেট ঈদগাহ মাঠে বিশাল জনসভায় এই আহ্বান জানিয়ে তিনি বলেন, বিএনপি সংস্কার নিয়ে কোনো লুকোছাপা করেনি।
এসময় তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়ে বিএনপির চেয়ারম্যান বলেন, অতীতের সরকার আমলে মেগা প্রকল্পের নামে মেগা লুটপাট হয়েছে। বিএনপি এই নির্বাচনে জনগণের রায়ে ক্ষমতায় আসলে সেই লুটের টাকা ফিরিয়ে এনে দেশের উন্নয়নে কাজে লাগাবে। আগে নিশি রাতে ভোট হয়েছে। সেই ভোটের রাজনীতি আর হতে দিব না।
জনসভা থেকে তিনি রেজিস্ট্রার এনজিও থেকে যারা ক্ষুদ্র ঋণ নিয়ে পরিশোধ করতে পারছেন না, তাদের সেই ঋণ বিএনপি সরকার গঠন করলে পরিশোধ করবে বলে জানান। তিনি বলেন, শুধু তাই নয় রংপুর অঞ্চলে ঢেলে সাজাতে হবে। এই অঞ্চলে যেমন খনিজ সম্পদ আছে তেমনি কৃষিতে সমৃদ্ধ। কৃষিজাত শিল্প-কলকারখানা স্থাপন করা হবে। এজন্য শিল্প উদ্যোক্তাদের আর্থিক প্রণোদনা দেওয়া হবে। বড় বড় আইটি প্রতিষ্ঠানগুলোকে এই অঞ্চলে আইটি শিল্প স্থাপন করে এই এলাকার শিক্ষিত তরুণ-যুব সমাজকে আইটি কোম্পানিগুলোতে চাকরির সুযোগ করে দিয়ে তাদের আইটিতে কাজ করার সক্ষমতা বাড়ানোর ও কর্মসংস্থান সৃষ্টির কাজ করা হবে। তাদের বিভিন্ন সুযোগ সুবিধা দেয়া হবে। তা হলে রংপুরের আবু সাঈদ ও চট্রগ্রামের ওয়াসিমসহ যে ১৪শ’ জন যে স্বপ্ন নিয়ে শহীদ হয়েছে তাদের সেই ঋণ কিছুটা শোধ হবে।
