সিনিয়র সচিব আখতার আহমেদ বলেছেন, দেশের ২৯৯টি আসনে ব্যালট পেপার পৌঁছে যাবার মধ্য দিয়ে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের সব প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন।
ইসি সচিব বলেন, আমরা আগামী ১২ তারিখ সকালে ভোট দিয়ে যুগযুগান্তরের একটা সন্ধিক্ষণে আসব এবং আমাদের দেশের নতুন একটি অধ্যায়ের শুভ সূচনা হবে। এই পথটা খুব সহজ-মসৃণ ছিল না। অনেক বাধা উত্তরণ করে আমাদের এখানে আসতে হয়েছে।
ভোট গণনা প্রসঙ্গে সচিব আখতার আহমেদ বলেন, ১২ তারিখ বিকেল সাড়ে ৪টায় ভোটগ্রহণ শেষ হলে কেন্দ্রভিত্তিক ফলাফল প্রথমে সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে যাবে। সেখান থেকে রিটার্নিং কর্মকর্তা ফলাফল সংকলন করে নির্বাচন কমিশনে পাঠাবেন। কমিশন পর্যায়ক্রমে সেই ফলাফল প্রকাশ করবে।
