পাকিস্তানের ঘরোয়া ফ্র্যাঞ্চাইজি আসর পাকিস্তান সুপার লীগে (পিএসএল) খেলতে দেশে ছেড়েছেন তামিম ইকবাল। আজ সকালে করাচির উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন তিনি। বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক খেলবেন লাহোর কালান্দার্সে।
বঙ্গবন্ধু টি-টোয়েন্টি লীগ শুরু হতে দেরি হওয়ায় তামিমকে পিএসএল খেলার ছাড়পত্র দিয়েছে বাংলাদশে ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী ১৪ই নভেম্বর প্রথম এলিমিনেটরে পেশোয়ার জালমির মুখোমুখি হবে তামিমের লাহোর। একই দিন কোয়ালিফায়ারে মুলতান সুলতানসের প্রতিপক্ষ করাচি কিংস। মুলতান সুলতানসের হয়ে খেলার কথা ছিল মাহমুদ উল্লাহ রিয়াদের। করোনা পরীক্ষায় পজেটিভ ফল আসায় এবারের পিএসএলে খেলা হচ্ছে না বাংলাদেশ টি-টোয়েন্টি অধিনায়কের। ১৫ই নভেম্বর দ্বিতীয় এলিমিনেটর এবং ফাইনাল ১৭ই নভেম্বর।
পিএসএল শেষে তামিম অংশ নেবেন বঙ্গবন্ধু টি-টোয়েন্টি লীগে। নভেম্বরের তৃতীয় সপ্তাহে আসরটি শুরু হওয়ার কথা রয়েছে।
চতুর্থবারের মতো পিএসএলে খেলবেন তামিম। এর আগে ২০১৬, ২০১৭ ও ২০১৮ সালে তিনি খেলেছিলেন পেশোয়ার জালমির হয়ে।



