অনেকটা চুপিসারে নিজের নতুন একটি সিনেমার শুটিং শেষ করে ফেলেছিলেন জয়া আহসান। সময়টা ছিল করোনাকাল! তবে খবরটি প্রকাশ করেছিলেন ২০২২ সালে। সেই সিনেমাটির নাম ‘জয়া আর শারমিন’। পরিচালনা করেছেন পিপলু আর খান।
চলতি মাসের ১৬ তারিখ প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি পাচ্ছে বলে ঘোষণা করা হয়েছে।
জয়া আর শারমিন সিনেমাটিতে অভিনয়ের পাশাপাশি পিপলুর সঙ্গে যৌথ প্রযোজক হিসেবেও যুক্ত হন জয়া আহসান। এতে শারমিন চরিত্রে অভিনয় করেছেন মহসিনা আক্তার। দীর্ঘদিন পর সিনেমাটি আলোচনায় এসেছে মুক্তি দেওয়াকে কেন্দ্র করে। সম্প্রতি সিনেমাটির ট্রেলার মুক্তি পেয়েছে।
সিনেমাটি প্রসঙ্গে জয়া আহসান বললেন, ‘দুজন নারীর অচেনা ভুবনের সিনেমা। আমাদের অন্তর্জগতের ঘাত-প্রতিঘাত আর অনুক্ত, অব্যক্ত অনুভূতির ডকুমেন্টেশন। একটা অদ্ভুত সময়ে অসাধারণ অভিজ্ঞতায় শুট করা ছোট্ট একটা সিনেমা; কিন্তু আশা করি, দর্শকের অনুভূতিকে নাড়া দেবে।’
