বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বহনকারী বিশেষ বিমান আগামীকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে। তাঁকে স্বাগত জানাতে রাজধানীর শাহজালার আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গুলশানের বাসভবন পর্যন্ত সড়কের পাশে অবস্থান নেওয়ার কথা দল ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের।
তবে একই সময়ে এসএসসি ও সমমানের পরীক্ষা থাকায় বিএনপি ও দলের অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের বিশেষ অনুরোধ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এসএসসি পরীক্ষার্থীর কথা মাথায় রেখে সবাইকে রাস্তার পাশের ফুটপাত থেকে সড়কে না নামার অনুরোধ জানিয়েছেন তিনি।
