Search
[english_date] / [bangla_date] / [hijri_date] / [bangla_time]

চাঁদাবাজি নয়, ব্যবসায়িক দ্বন্দ্বে ভাঙারি ব্যবসায়ীকে হত্যা : পুলিশ

ব্যবসায়িক দ্বন্দ্বে পুরান ঢাকার ভাঙারি ব্যবসায়ী লাল চাঁন ওরফে সোহাগকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

শনিবার (১২ জুলাই) ডিএমপি মিডিয়া সেন্টার আয়োজিত ব্রিফিংয়ে এই তথ্য জানান ডিএমপির লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো: জসীম উদ্দিন।

তিনি বলেন, ‘গত ৯ জুলাই বিকেল ৫টা ৪০ মিনিট থেকে ৬টার মধ্যে কোতয়ালী থানাধীন স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজের তিন নম্বর গেটে এবং সংলগ্ন এলাকায় একটি হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। অনেক লোক একত্রিত হয়ে একজন লোককে বিভিন্নভাবে আঘাত করে হত্যা করেছে। এ ঘটনা ঘটার সাথে সাথেই পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয় এবং অল্প সময়ের মধ্যে দু’জনকে গ্রেফতার করে। তাৎক্ষণিকভাবে আমরা লাশের সুরতহাল করে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালে পাঠাই।’

তিনি আরো বলেন, ‘এ ঘটনার নেপথ্যে অনেক রকম কথাবার্তা আমরা মিডিয়ায় দেখতে পাচ্ছি। আমরা যতটুকু জানতে পেরেছি, ওই এলাকায় ভাঙারি ব্যবসা খুব প্রচলিত। সেখানে একটি ভাঙারি দোকান ছিল, সেই দোকানে কারা ব্যবসা করবে এ নিয়ে দ্বন্দ্ব চলছিল। আমরা জানতে পেরেছি, যিনি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন এবং যারা হত্যার সাথে জড়িত বলে সন্দেহ করা হচ্ছে তারা পরস্পর সম্পর্কিত। তারা একসাথে ব্যবসাটা কিছুদিন করেছে। কিন্তু তাদের মধ্যে ব্যবসায়িক লেনদেন নিয়ে একটা দ্বন্দ্ব তৈরি হয়। তারা নিজেদের মতো ব্যবসা করার জন্য সোহাগের সাথে বিবাদে লিপ্ত হয় এবং এই হত্যাকাণ্ড সংঘটিত হয়।’

Facebook
Twitter
LinkedIn